টাকা থাকলে ডলার পাওয়া যাবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে ডলারের কোনো সংকট নেই, তবে টানাটানি আছে। এ টানাটানিও থাকবে না। তা ছাড়া আমরা ডলার ব্যবহারও করি না। আমাদের টাকার দরকার। টাকা থাকলে ডলার পাওয়া যাবে।’
আজ রোববার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উৎপাদন বাড়লেই টাকা আসবে। চাল, ডাল, মাছ, সবজি, গরু, ছাগল, ফল—যত বেশি উৎপাদন করব, তত বেশি টাকা পাওয়া যাবে।’
এম এ মান্নান আরও বলেন, ‘ডলার আমাদের তখন লাগে, যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলার বড় কথা নয়, বড় কথা হলো উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়াতে হলে বেশি বেশি পরিশ্রম করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন উপস্থিত ছিলেন।