যশোরে দুই নেত্রীর সমর্থকদের হাতাহাতির নেপথ্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি
ছবি: সংগৃহীত

আট বছর ধরে জাতীয় মহিলা সংস্থার যশোর জেলার চেয়ারম্যানের দায়িত্বে আছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান। রাজনৈতিক বিবেচনায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলিরও এই পদের প্রতি আগ্রহ আছে। রাজনীতিতে অবস্থান দৃঢ় করতে পদটি খুবই আকর্ষণীয়। কারণ, এই সংস্থার বরাদ্দের টাকায় নারীদের উন্নয়নে অনেক কাজ করা যায়। পাশাপাশি দলের কর্মীদেরও সক্রিয় রাখা যায়। এটা নিয়েই মূলত যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যা গতকাল সোমবার রাজপথে গড়িয়েছে।

গতকাল বিকেলে যশোরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ে সংগঠনের জেলা শাখার সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলির সমর্থকদের মধ্যে চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনায় প্রায় আধা ঘণ্টা অনুষ্ঠান বন্ধ ছিল। তবে পরে একই স্থানে দুই পক্ষ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শেষ করে, তবে আলোচনা সভা আর হয়নি।

সভাপতি লাইজু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্নার মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তবে এত দিন বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয় ছিল। গতকাল দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটায় দলের নেতা-কর্মীদের অনেকে বিব্রত হয়েছেন। ৯১ সদস্যবিশিষ্ট জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি কার্যত দুই ভাগে বিভক্ত। সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা দুই অংশের নেতৃত্ব দিচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই নেত্রী আবার যশোর জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

বিভক্ত যশোর জেলা আওয়ামী লীগের একাংশের নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোরের কেশবপুর আসনের সদস্য সদস্য শাহীন চাকলাদার। লাইজু সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জ্যোৎস্না জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী।

২৬ বছর পর ২০২২ সালে লাইজুকে সভাপতি ও জ্যোৎস্নাকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট যশোর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। কমিটিতে শাহীন চাকলাদার ও নাবিল আহমেদের অনুসারীরা শুরু থেকেই সমান সমান ছিলেন। দলের পাঁচ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি যশোর শহরে শাহীন চাকলাদারে রাজনৈতিক প্রভাব অনেকটা দুর্বল হয়েছে। তাঁর পক্ষের কয়েকজন পৌর কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাবিল আহমেদের বলয়ে যোগ দিয়েছেন। যে কারণে শাহীন চাকলাদারের প্রভাব অনেকটা কমে আসে। মহিলা আওয়ামী লীগেও এর প্রভাব পড়েছে বলে দাবি করছেন তাঁরা।

শাহীন চাকলাদারের পক্ষে থাকা এই কমিটির যুগ্ম সম্পাদক সালমা পারভিন সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনেই এখন অনেকটা নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছেন। বর্তমানে এই দুই নেত্রী মহিলা আওয়ামী লীগের কোনো পক্ষের কর্মসূচিতেই যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। কমিটির মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে তাঁরা বিব্রত বলে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের বিভক্তির প্রভাব ছাড়াও দ্বন্দ্বের পেছনে নেত্রীদের মধ্যে প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ও আছে। আট বছর ধরে লাইজু জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তবে বর্তমানে চেয়ারম্যান পদের জন্য আগ্রহ দেখাচ্ছেন সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি।

এ বিষয়ে জ্যোৎস্না বলেন, ‘ভালো জায়গায় তো সবাই যেতে চায়। আমিও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদের জন্য আবেদন করেছি। কারণ, ১৯৯৬ সালে আমি এই সংস্থার সদস্য ছিলাম। সে হিসেবে আমি চেয়ারম্যান পদ চাইতেই পারি। লাইজু জামান বয়সে আমার বড় হলেও রাজনীতিতে আমি তাঁর সিনিয়র।’ তবে গতকাল বিকেলের ঘটনাকে ভুল–বোঝাবুঝি উল্লেখ করে তিনি বলেন, ‘এক সংসারে থাকতে গেলে কিছু ভুল–বোঝাবুঝি হয়। এটা তেমন কিছু নয়।’

দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে সভাপতি লাইজু জামান বলেন, ‘মহিলা আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তবে মতপার্থক্য থাকতে পারে। আর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান থাকা, না থাকা তো আমার বিষয় নয়। এটা মন্ত্রনালয়ের বিষয়। মন্ত্রনালয় থেকে যাঁকে দেয়, তিনিই চেয়ারম্যান হন।’