উপহারের ঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

তিন মাস পেরিয়ে তিন বছরেও ঘর পাননি ভুক্তভোগীরা। গত ২৭ জুলাই ও ২ আগস্ট ডিসি বরাবরে এমন ৯ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত লাখ টাকার সমমূল্যের পাকা ঘর। ঘরে থাকবে তিনটি কক্ষ, রান্নাঘর, টয়লেট ও গোসলখানা। ৩০ থেকে ৬০ হাজার টাকা জমা দিলেই মিলবে ওই ঘর। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিম্নবিত্ত ও অশিক্ষিত মানুষকে লক্ষ্য করে এমন মিথ্যা আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ওই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির ফাঁদে পা দিয়ে সরকারি ঘর পাওয়ার বদলে অনেকে মাথায় ঋণের বোঝা নিয়ে ঘুরছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৯ সালে উপজেলায় দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উন্নত মানের ঘর দেওয়া হবে বলে একটি চক্র এমন তথ্য বিভিন্ন গ্রামে ছড়িয়ে দেয়। এই ঘর তিন মাসের মধ্যেই নির্মাণ করে দেওয়া হবে—এ রকম নানা প্রলোভন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হালুয়াঘাটের বিভিন্ন এলাকার সহজ–সরল অর্ধশতাধিক মানুষের কাছ থেকে জনপ্রতি ৩০ থেকে ৬০ হাজার করে টাকা হাতিয়ে নেয় চক্রটি। তিন মাসের পেরিয়ে তিন বছরেও ঘর পাননি ভুক্তভোগীরা।

গত ২৭ জুলাই ও ২ আগস্ট জেলা প্রশাসক (ডিসি) বরাবর এমন ৯ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও তাঁর সহযোগী স্বদেশির উত্তরপাড়ার মোকারম হোসেন, চাঁদশ্রী গ্রামের আমির হামজা, ধারা বাজারের মফিজুল ইসলাম ও নবাবুল ইসলাম উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সাত লাখ টাকার ঘর দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি আর প্রলোভন দেখান। পরে তাঁরা বেশ কয়েকজনের কাছ থেকে ৩০ থেকে ৬০ হাজার করে টাকা নেন। টাকা নেওয়ার কিছুদিন পর ‘ঢাকার বড় অফিসার’ সাজিয়ে স্থানীয় এক ব্যক্তিকে ভুক্তভোগীর বাড়িতে বাড়িতে পরিদর্শন করায় চক্রটি। ঢাকার বড় অফিসারের পরিদর্শনের খরচের নাম করে আবারও অনেকের কাছ থেকে টাকা নেয় চক্রটি। ঘর নির্মাণে জমির মাপজোখেরও নাটক সাজায় তারা।

কিন্তু তিন মাসের পরিবর্তে তিন বছর পেরিয়ে গেলেও মিলছে না ঘর। কেউ কেউ সুদে টাকা ঋণ এনে চক্রটিকে দিয়েছিল। এতে দিনের পর দিন ঋণ ও সুদের বোঝা নিয়ে ঘুরছেন হতদরিদ্র মানুষ।

উপজেলার মিশন রোডের রফিকুল ইসলাম ও ঝাউগড়া গ্রামের ভুক্তভোগী শাহানাজ বেগম বলেন, ‘সংড়া গ্রামের শামীম নামের এক লোককে ঢাকার বড় অফিসার পরিচয় দিয়ে ঘর ভিজিট করান। ভিজিট করার নাম করেও অনেকের কাছ থেকে নিয়েছেন টাকা। ঘরের আশায় ঋণ–ধার করে টাকা দিয়ে আমরা বিপদে পড়েছি। নিরুপায় হয়ে ডিসি স্যারের কাছে আবেদন করেছি।’

উত্তরপাড়ার কুদ্দুস ভূঁইয়া বলেন, ‘আমার কাছ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা নেন মোকারম ও শাহ আলম। এই টাকা আমি ঋণ করে এনেছি। কিন্তু এখনো ঘর পাইনি। আমি অসুস্থ মানুষ। টাকাটা ফেরত পেলে চিকিৎসা করাইতে পারতাম।’

ঘোষবেড় গ্রামের বকুল মিয়া ও মনিকুড়া মিশন রোডের হোসনা বেগম বলেন, তাঁদেরসহ আরও অনেকের কাছ থেকেই ঘর দেওয়ার কথা বলে টাকা নেয় চক্রটি। এই টাকা দিতে সবাই ঋণ করেছেন। এখন সবাই ঋণের বোঝা নিয়ে ঘুরছে। এদের ফাঁদে পড়ে প্রত্যেকেই প্রতারিত হয়েছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘ঘর দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নিইনি। কয়েকজন সাংবাদিক আমাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছেন। যাঁরা আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আমি আইনগত পদক্ষেপ নেব।’

মোকারম হোসেন বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। তাই এ ব্যাপারে কোনো কথাও বলতে পারব না।’ এ ব্যাপারে ইউএনও মো. সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরকারি ঘর পেতে কেউ টাকা দিয়ে থাকলে এবং নিয়ে থাকলে দুই পক্ষই অপরাধী হবেন। যেহেতু তিন বছর আগের ঘটনা। যদি সাক্ষ্যপ্রমাণ থাকে, তাহলে ভুক্তভোগীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এ ব্যাপারে ডিসি মো. এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। এ ব্যাপারে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।