মুন্সিগঞ্জ-৩ আসন
‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যায় জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক জসিম উদ্দিনকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতি ইদ্রিস মিয়াজী ও সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযুক্ত শাকিল দেওয়ান মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ গ্রামের বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামানের সমর্থক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি ইদ্রিস মিয়াজী প্রথম আলোকে বলেন, ‘শাকিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আমরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। হত্যার অভিযোগে আমরা তাঁকে দল থেকে বহিষ্কার করেছি।’
গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে নির্বাচনী বিরোধের জেরে বিদ্রোহী প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন, তাঁর বাবা মাফিক নায়েব ও ভাই মোখলেস নায়েবকে তাঁদের বাড়ির পাশে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও তাঁর ছেলে শাকিল দেওয়ান। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম। তাঁর বাবা ও ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।