ফটিকছড়িতে ‘বন্য প্রাণী শিকারের সময়’ গুলিতে তরুণ নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গহিন পাহাড়ে ‘বন্য প্রাণী শিকারের সময়’ বন্দুকের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম সঞ্জয় তুরি (২৭)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর কুটকুটিঘোনা গ্রামের পাহাড়চূড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার রাতে মুহাম্মদ নাসির নামের একজনের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে ভূজপুর থানায় হত্যা মামলা করেন নিহত তরুণের মা মাদুরী তূরি।
নিহত সঞ্জয় তুরি হারুয়ালছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার অমৃত তুরির ছেলে। তাঁর পাঁচ বছর বয়সী এক ছেলে ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, ওই তরুণের শরীরের দুটি স্থানে গুলির ক্ষতচিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, অন্য শিকারির বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। আজ সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ওই গ্রামের ছয় থেকে আটজনের একটি দল বন্য প্রাণী শিকারের জন্য পাহাড়ের চূড়ায় যায়। রাত সাড়ে আটটার দিকে দেশীয় একনলা বন্দুক দিয়ে বন্য প্রাণীকে গুলি করতে গেলে তা সঞ্জয় তুরির পাঁজরে ও কোমরে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপির) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ মঈনুল প্রথম আলোকে বলেন, ওই স্থানে ছয় থেকে আটজনের একটি শিকারি দল প্রায়ই বন্য প্রাণী শিকার করতে যায়। গতকালও (মঙ্গলবার) তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁর ধারণা, বন্য প্রাণীকে গুলি করতে গিয়ে তা ওই তরুণের গায়ে বিদ্ধ হয়। এ ঘটনায় পরিবারকে থানায় মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে।