যশোরে ক্রেতা-বিক্রেতা সেজে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৭
যশোরে ক্রেতা-বিক্রেতা সেজে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার ফতেপুর গ্রামের জাকির হোসেন, মো. ফারুক, মো. হোসেন; ফেনী সদর উপজেলার সরিষাদি বাজার এলাকার ওবায়দুল হোসেন; জয়পুরহাটের পাঁচবিবি থানার উচাই গ্রামের আলম মোল্লা ওরফে সুশান্ত; কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামের রবিউল আউয়াল ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার কোহালদিয়া গ্রামের পারভেজ হোসেন।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৫ ডিসেম্বর আসামি জাকির ও ফারুক প্রথমে যশোর সদরের পুলেরহাট এলাকায় রিয়াদ হোসেনের দোকানে গিয়ে হাজী কামাল কেমিক্যাল কোম্পানির লোক পরিচয় দিয়ে কিছু পণ্য বিক্রির জন্য রেখে আসেন। পরদিন আসামি রবিউল আউয়াল ও ওবায়দুল ক্রেতা সেজে ওই পণ্য বাদীর (রিয়াদ হোসেন) দোকান থেকে কিনে নিয়ে আসেন। এরপর জাকির ও ফারুক আবারও রিয়াদ হোসেনের দোকানে আরও অধিক পরিমাণ পণ্য রেখে আসেন। আসামি ওবায়দুল হোসেন, আলম মোল্লা, পারভেজ ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ক্রেতা সেজে রিয়াদ হোসেনের দোকানে গিয়ে বিভিন্ন সময় জাকির ও ফারুকের দেওয়া পণ্য কিনে নিয়ে আসতেন। সর্বশেষ তাঁরা রিয়াদ হোসেনের দোকানে গিয়ে আড়াই লাখ টাকার পণ্য কেনার অর্ডার দেন। রিয়াদ হোসেন ওই অর্ডার মোতাবেক ২২ ডিসেম্বর ফারুক ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের ২ লাখ ২ হাজার টাকা দিয়ে পণ্য কিনে দোকানে রাখেন। কিন্তু আসামিরা আগের অর্ডার দেওয়া মাল কেনার জন্য না এলে রিয়াদ হোসেন তাঁদের দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেন।
গতকাল মঙ্গলবার যশোর সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলামের বাড়ি থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু আসামিরা তাঁদের অর্ডার দেওয়া পণ্য ক্রয় না করে বিভিন্ন টালবাহানা করে মুঠোফোন বন্ধ করে দেন। এরপর রিয়াদ হোসেন পিবিআই পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার যশোর সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলামের বাড়ি থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই যশোরের পরিদর্শক শামীম মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আজ বুধবার যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এদিন তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন।