মাদারীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শেখপুর এলাকায় শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামরুজ্জামান ফকির (৩৬)। তিনি মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর এলাকার আবদুর রব ফকিরের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক।
শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুনুর রশিদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কামরুজ্জামান তাবলিগ জামাতে যেতে তাঁর ভায়রা জাহিদকে নিয়ে মোটরসাইকেলে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। পাচ্চর থেকে বাসে করে টঙ্গী যাওয়ার কথা ছিল কামরুজ্জামানের। মোটরসাইকেল নিয়ে শেখপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা দুজন আহত হন। গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আর আহত জাহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কামরুজ্জামানের মামাশ্বশুর ইমরান হোসেন বলেন, ‘আমার ভাগনি জামাই সকালে তাবলিগ জামাতে যাওয়ার জন্য আরেক ভাগনি জামাইকে নিয়ে রওনা হন। কামরুজ্জামান পাচ্চর পর্যন্ত গিয়ে বাসে যাবেন। আর জাহিদ তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তা আর হলো না। কামরুলের এমন মৃত্যু কেউ মানতে পারছে না।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’