উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া একই উপজেলার উধুনিয়া ইউনিয়নের খাড়ুয়া গ্রামের আবদুল মালেকের মেয়ে। সে পরিবারের সঙ্গে কৃষ্টপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারিয়া দুপুরের দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।