ধর্মপাশায় কিলঘুষিতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বোরো ধানের বীজতলা থেকে মাটি তুলে চাঁই পেতে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে এলোপাতাড়ি কিলঘুষিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষকের নাম সাইকুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি সুলতানপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামে কৃষক সাইকুল ইসলামের বোরো ধানের বীজতলা পানিতে তলিয়ে আছে। সেখানে আজ ছয়টার দিকে চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে প্লাস্টিকের চাঁই পেতে মাছ শিকার করছিলেন নওধার গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৩৫)। মাছ ধরার জন্য বীজতলা থেকে কিছুটা মাটি কেটে তুলে পাড় তৈরি করা হয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে ওই বীজতলার পাড়ে যান কৃষক সাইকুল ইসলাম। বীজতলার ক্ষতি করে মাছ শিকার করায় তিনি কাশেম ও তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করেন। এতে আবুল কাশেম ও তাঁর লোকজন কৃষক সাইকুলকে এলোপাতাড়ি কিলঘুষি ও চড়–থাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে সাইকুল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে ফেলে কাশেম ও তাঁর লোকজন চলে যান। খবর পেয়ে স্বজনেরা এসে সাইকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুক্তাদির হোসেন বলেন, ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই কী কারণে মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত ছাড়া তার সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কৃষকের লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।