শহরে অনুমতি মেলেনি, ফরিদপুরে বিএনপির সমাবেশ আবারও সেই কোমরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে গত ১২ নভেম্বরও ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। তবে ফরিদপুর শহরের মধ্যে এই সমাবেশ আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। শহর থেকে ছয় কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বিএনপির নেতাদের এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আগামীকালের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপস্থিত থাকার কথা আছে। এর আগে গত ১২ নভেম্বরও ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল একই স্থানে। তখনো শহরের মধ্যে সমাবেশ আয়োজনের অনুমতি পায়নি বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাবেশ আয়োজনের জন্য দলীয় কার্যালয়ের সামনে শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ সড়ক কিংবা অম্বিকা ময়দানের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দেওয়ায় বিকল্প হিসেবে সরকারি ইয়াছিন কলেজের মাঠ প্রস্তাব করা হয়েছিল। প্রশাসন সেটিও নাকচ করে দিলে পরবর্তী বিকল্প হিসেবে শহরের কমলাপুর মহল্লায় অবস্থিত ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠের প্রস্তাব দিলে প্রশাসন সেটিও বাতিল করেছে। এখন অনিচ্ছা সত্ত্বেও কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশ করতে হচ্ছে। আজ শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে। আগামীকাল বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শহরের যেকোনো জায়গায় সমাবেশ করার অনুমতি দিলে যানজটের সৃষ্টি হতো। এতে জনভোগান্তি ও দুর্ভোগ সৃষ্টি হবে। এ জন্য শহরের বাইরে এমন একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে আশপাশের জেলার নেতা–কর্মীরা সহজে চলে আসতে পারবেন। এ ছাড়া বিএনপির ভেতরে বিভিন্ন পক্ষ আছে। শহরের মধ্যে এই সমাবেশ করার অনুমতি দেওয়া হলে তাদের মধ্যেও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করার আশঙ্কা আছে। তাই সবদিক বিবেচনা করে বিএনপিকে শহরের বাইরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর বিএনপি ওই মাঠেই বিভাগীয় গণসমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করেছিল।

মাঠে থাকবে আওয়ামী লীগ

বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নির্দিষ্ট কোনো কর্মসূচি গ্রহণ করেনি জেলা আওয়ামী লীগ। তবে দলের নেতা–কর্মীরা মাঠে থাকবেন বলে জানা গেছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শেখ রাসেল স্কয়ারে অবস্থান করবেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক ওরফে আরিফ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা আমাদের কোনো কর্মসূচি নয়। বিশেষ সতর্কতা অবলম্বন করা মাত্র।’