মানিকগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম আবু রায়হান ফকির (২৮)। তিনি জয়মন্টপ ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আবু রায়হান একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত রোমান ফকির (২৪) পলাতক। অভিযুক্ত রোমান নিহত আবু রায়হানের মেজ ভাই।

পুলিশ ও নিহত আবু রায়হান ফকিরের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলের মধ্যে আবু রায়হান ফকির (২৮) বড়। অন্য দুই ছেলে হলেন রোমান ফকির (২৪) ও জামান ফকির (১৮)। রায়হান এনজিওতে চাকরি করতেন। এদিকে রোমান প্রায় পাঁচ বছর লেবাননে ছিলেন। বছর দুয়েক আগে তিনি দেশে ফিরে আসেন। শাহজাহান ফকিরের সব ছেলে একই বাড়িতে থাকতেন। এক বছর আগে রোমান প্রেম করে বিয়ে করেন। তবে রোমানের পরিবারের কেউ এই বিয়ে মেনে নেননি। এ জন্য রোমানের স্ত্রী শ্বশুরবাড়িতে থাকেন। এর মধ্যে রোমান লেবাননে থাকা অবস্থায় বাড়িতে টাকাপয়সা পাঠানো নিয়েও পরিবারে বিরোধ চলে আসছিল।

অন্যান্য দিনের মতো খাওয়াদাওয়া শেষে গতকাল রাত ১০টার দিকে তিন ভাই এক কক্ষে ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। দিবাগত রাত ১২টা পর রায়হানের গোঙানির আওয়াজ পেয়ে জামানের ঘুম ভেঙে যায়। চোখ খুলে রায়হান দেখতে পান বড় ভাই রায়হান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তবে তখন থেকেই রোমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মা-বাবাকে ঘুম থেকে ডেকে তোলেন জামান। দ্রুত রায়হানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহত যুবকের মেজ ভাই রোমান পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।