নওগাঁর নবজাতক চুরির অভিযোগে বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

নবজাতকপ্র্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। পরে একটি নবজাতক উদ্ধার করে সেটিকে নিখোঁজ ওই শিশু বলে দাবি করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত থেকে আট দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের এক নবজাতক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী এক নবজাতক আছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক নারী পুলিশ হেফাজতে আছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে তিনি স্বীকার করেছেন নবজাতকটিকে তিনি সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এর মধ্যে শিশুটির প্রকৃত মা–বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে।

শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হয়েছিল, ওই নারীর সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা কী এবং এর পেছনে আরও কেউ জড়িত আছেন কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে এ ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, একটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তান থাকার তথ্য থাকলেও অস্ত্রোপচারের পর তাঁদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন।

তবে সিজারিয়ান অস্ত্রোপচার করা চিকিৎসক, ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটি ভুল ছিল। সেখানে যমজ সন্তানের তথ্য আসার বিষয়টি তদন্ত করা প্রয়োজন।