সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ, হাসপাতালে রাজমিস্ত্রিসহ দুজনের মৃত্যু
ফরিদপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে অসুস্থ হয়ে রাজমিস্ত্রিসহ দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৪) ও দিনমজুর হৃদয় শেখ (২০)। শাওন ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা। হৃদয়ের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের নতুন সেপটিক ট্যাংকের ছাদের বাঁশ খোলার জন্য নামেন শাওন। কিছুক্ষণ পর তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করেন হৃদয়। পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাওনের মৃত্যু হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদয়ও মারা যান।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাওনের মরদেহ বুধবার এবং হৃদয়ের মরদেহ বৃহস্পতিবার ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।