মানিকগঞ্জে পানি ঢুকে কাত হয়ে গেল সারবোঝাই কার্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্গোতে পানি ঢুকে পড়ায় সারগুলো জাহাজ সেখান থেকে সরিয়ে নদীর তীরে রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে শিবালয়ের অন্বয়পুর এলাকায়
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নোঙর করে রাখা সারবোঝাই একটি কার্গো জাহাজের ভেতরে পানি ঢুকে কাত হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার যমুনা নদীর অন্বয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর সারগুলো জাহাজ থেকে সরিয়ে নদীর তীরে রাখা হয়েছে। তবে এতে সারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শিবালয় থানার পুলিশ ও কার্গোর মাস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩১ ডিসেম্বর বাগেরহাটের মোংলা বন্দর থেকে ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই করে এমভি এবাদত নামের একটি কার্গো জাহাজ পাবনার বাঘাবাড়ির উদ্দেশে রওনা দেয়। তবে নদীতে নাব্যতা সংকটের কারণে গত মঙ্গলবার বিকেলে শিবালয়ের অন্বয়পুর এলাকায় তীরে কার্গো জাহাজটি নোঙ্গর করে রাখা হয়। আজ সকাল আটটার দিকে কার্গো জাহাজের লোকজন ভেতরে পানি ঢোকার বিষয়টি বুঝতে পারেন। তখনই জাহাজের সুকানিসহ সবাই জাহাজের ভেতর থেকে সারগুলো সরিয়ে তীরে নেওয়া শুরু করেন।

কার্গো জাহাজের মাস্টার হাসান আলী বলেন, কার্গো জাহাজটি ভেতরে তিনটি ভাগে বিভক্ত। জাহাজের নিচের পাটাতন ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। তবে অন্য দুটি অংশে পানি ঢুকতে পারেনি। এ কারণে সারের কোনো ক্ষতি হয়নি। আকিজ গ্রুপের মালিকানাধীন এসব সার পাবনার বাঘাবাড়ি বন্দরে নেওয়া হবে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম বলেন, নদীর তীরে নোঙর করা কার্গো জাহাজে সামান্য পানি ঢুকেছে। তবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।