একা ঘরে আগুনে পুড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌরসভার ভাইজোড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া সোহেল হাওলাদারের বসত ঘর
ছবি: প্রথম আলো

পিরোজপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে মো. সোহেল হাওলাদার (২৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে পিরোজপুর পৌরসভার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভাইজোড়া গ্রামের মৃত নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে সোহেল হাওলাদার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি বাড়ির একটি ঘরে একা থাকতেন। রাত তিনটার দিকে ঘরের সঙ্গে থাকা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘরের সঙ্গে বসতঘরটি পুড়ে যায়। এ সময় বসতঘরের মধ্যে ঘুমিয়ে থাকা সোহেল হাওলাদার পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। এরপর ঘরের মধ্য থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়।

সোহেল হাওলাদারের বড় ভাই নাসির হাওলাদার বলেন, ‘আমাদের বাড়ির আলাদা একটি ঘরে সোহেল একা থাকত। সে পিরোজপুর শহরের মাছবাজারে মাছের ব্যবসা করত। গতকাল রাতে সোহেল রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে আগুন লাগলে সে আগুনে পুড়ে মারা যায়।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘খবর পেয়ে আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এরপর পুড়ে যাওয়া ঘর থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।