পিস্তল তাক করে আংটি, ক্রেডিট কার্ড, পিন নম্বর, টাকা সবই নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্তল ঠেকিয়ে গাড়িতে তুলে লুটপাট করা হয়
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়ক থেকে এক ব্যবসায়ীকে পিস্তল দেখিয়ে তুলে নিয়ে প্রায় দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাঁকে গাজীপুরের চান্দুরা এলাকায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম আহসান হাবিব (৩৫)। বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি গ্রামে। ওই ইউনিয়নের চান্দাইকোনার বগুড়ার বাজারে তাঁর একটি করাতকল আছে। তিনি কাঠের ব্যবসা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তুলে নিয়ে লুটপাটের ঘটনায় আহসান হাবিব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে ব্যবসায়ী আহসান হাবিব বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে তিনি শেরপুর শহরে যাচ্ছিলেন। ঘোগা সেতু পার হওয়ার পর পেছন দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার তাঁর গতি রোধ করে। এ সময় প্রাইভেট কার থেকে তিনজন নেমে দুজন তাঁর দিকে পিস্তল তাক করেন এবং একজন তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ নেন। তাঁদের কাছে হ্যান্ডকাপ ছিল। তাঁরা চোখ–মুখ বেঁধে তাঁকে প্রাইভেট কারে তোলেন। গাড়িতে তুলে তাঁকে মারধর করে ১টি মুঠোফোন, ৪ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি এবং ডাচ্‌–বাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ড কেড়ে নেন। পরে উপর্যুপরি মারপিট করে বিকাশ ও ক্রেডিট কার্ডের পিন নম্বর জেনে নেন তাঁরা।

আহসান হাবিব জানান, সংঘবদ্ধ ডাকাতিতে জড়িত ছিলেন প্রাইভেট কারের চালকসহ পাঁচজন। তাঁদের মধ্যে দুজনকে রাসেল ও সজীব নামে ডাকতে শুনেছেন। সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের শরীরে র‍্যাবের জ্যাকেট দেখতে পেয়েছেন তিনি। ডাকাত দলের সদস্যরা ঢাকাইয়া ভাষায় কথা বলছিলেন বলে তিনি জানান।

আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ডাকাত দল তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার ৯০০ ও ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কয়েক দফায় ১ লাখ ৮৫ হাজার টাকা তুলে নিয়েছে। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গাজীপুরের চান্দুরা এলাকায় নামিয়ে দেওয়া হয়। তখন তিনি ডাকাত দলের একজনকে তাঁর মোটরসাইকেলটি চালিয়ে আসতে দেখেন। তাঁরা মোটরসাইকেল ও মুঠোফোন ফেরত দিয়ে চলে যান। এরপর ওই রাতে তিনি মোটরসাইকেলে বাড়িতে চলে আসেন। এ ঘটনায় গতকাল থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বড় ভাই মো. কায়েস বলেন, তাঁর ভাই চান্দাইকোনা বাজারে ব্যবসার কাজ শেষ করে মাঝেমধ্যে তাঁদের শেরপুরের বাড়িতে যাতায়াত করেন। গত বুধবার শেরপুর শহরে যাওয়ার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন।