কুলাউড়ায় বিএনপির নেতা-কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে পুলিশকে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। এ সময় স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। বুধবার বিকেলে
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন চত্বরে জটলা করতে নিষেধ করায় রেল পুলিশের সদস্যদের ধাওয়া দেন বিএনপির কর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় এক গণমাধ্যমকর্মী তাঁদের হাতে লাঞ্ছিত হয়েছেন। আজ বুধবার বিকেলে কুলাউড়া স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ বিকেল চারটার দিকে পৌর শহরের উছলাপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে ঢুকে পড়লে রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) কয়েকজন সদস্য তাঁদের বাইরে চলে যেতে বলেন। একপর্যায়ে বিএনপির কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে থানার ভেতর নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পুলিশকে ধাওয়া দেওয়ার সময় দৈনিক আনন্দবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন মুঠোফোনে ঘটনার ভিডিও করছিলেন। বিএনপির এক কর্মী গিয়ে তাঁকে থাপ্পড় দেন। সমাবেশ শেষ হওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সংগঠনের জ্যেষ্ঠ নেতারা আহত সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে উপস্থিত সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সেখানে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। আহত গণমাধ্যমকর্মীর চিকিৎসার দায়িত্ব তাঁরা নিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিকেলে বিএনপির কিছু কর্মী কুলাউড়া রেলস্টেশনে ঢুকে জটলা সৃষ্টি করেন। এ সময় ট্রেন আসতে থাকায় রেল পুলিশের সদস্যরা নিরাপত্তার স্বার্থে তাঁদের স্টেশনের বাইরে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন।