সাগরে ছেড়ে দেওয়া হলো ১১৯টি কাছিমের বাচ্চা
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার উত্তর শিলখালীর সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে একে একে ভেসে যাচ্ছিল অলিভ রিডলে প্রজাতির কাছিমের বাচ্চাগুলো। গতকাল বুধবার বিকেলে কাছিমের এক থেকে তিন দিন বয়সী ১১৯টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়ার শিলখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম।
বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয়। ডিমগুলো ৬০–৬৫ দিন হ্যাচারিতে রাখার পর বাচ্চা ফোটে। কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম, টেকনাফ এসিএফ কর্মকর্তা মনিরুল ইসলাম, শিলখালী রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম, কোডেক নেচার অ্যান্ড লাইফের সাইড কো-অর্ডিনেটর শরিফুল আলম, লিয়াকত আলী প্রমুখ।
শিলখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম বলেন, সামুদ্রিক কাছিমের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে দাতা সংস্থা কোডেকের নেচার অ্যান্ড লাইফ প্রকল্প। তাদের হ্যাচারিতে জন্ম নিয়েছে এসব কাছিমের বাচ্চা। পরে কাছিমের বাচ্চাগুলো জোয়ারের পানিতে ছেড়ে দেওয়া হয়।
কোডেক নেচার অ্যান্ড লাইফের সাইড কো-অর্ডিনেটর শরিফুল আলম বলেন, এ বছর এ পর্যন্ত ৯৭টি কাছিমের বাসা থেকে ১০ হাজার ৪৭৫ ডিম সংগ্রহ করে তিনটি হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট প্রজনন সময় পর হ্যাচারিগুলো থেকে এ পর্যন্ত ১১৯টি কাছিমের বাচ্চা পাওয়া যায়, যা সমুদ্রে অবমুক্ত করা হয়। বাকিগুলো হ্যাচারিতে প্রজননের অপেক্ষায় আছে। পরে বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, সামুদ্রিক কাছিমের প্রজনন নির্বিঘ্ন করতে জনসচেতনতার বিকল্প নেই। পাশাপাশি প্রজনন স্পটগুলোতে মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ ও কুকুর-শিয়াল থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।