রাঙ্গুনিয়ায় সাংবাদিককে আটকে রেখে মারধরের অভিযোগে মামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাংবাদিক আবু আজাদকে দেড় ঘণ্টা আটকে রেখে মারধর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ভুক্তভোগী আবু আজাদ বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্যসহ চারজনকে আসামি করে এবং পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
আবু আজাদ ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক। তিনি বলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন তালুকদার ওরফে মোহনকে প্রধান আসামি, ইউপি চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন চৌধুরীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া ইটভাটার কর্মী মো. কামরান ও কাঞ্চনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
আবু আজাদ আরও বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়িতে যান তিনি। সড়কের পাশে মাটি তুলে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে থাকেন। এ সময় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার পাঁচ-ছয়জনকে নিয়ে এসে তাঁকে মারধর করেন। এরপর একটি মাইক্রোবাসে তুলে মঘাছড়ি বাজারে নিয়ে যান তাঁরা। সেখানে আবার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে মারধর করা হয়। তাঁর মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র কেড়ে নেন তাঁরা। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলে মহিউদ্দিন তাঁর মুঠোফোন ভেঙে ফেলেন। ছেড়ে দেওয়ার পর প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এ ঘটনায় মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।