ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ১ বছর
নদীপথে কোনো তদারকি নেই
নৌকাডুবির ঘটনার পরপর ছয় দফা দাবিতে নদী নিরাপত্তাবিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
বছর পার হলেও নদীপথে কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি সংশ্লিষ্ট অধিদপ্তর।
জেলায় ডুবুরি দলের কোনো ইউনিটও নেই।
শুক্রবার সন্ধ্যা। এক বছর আগে আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইস্কা বিলে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার এক বছর পার হলেও নদীপথে যাত্রীদের চলাচলে এখনো কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি সংশ্লিষ্ট অধিদপ্তর। জেলার নদীপথে নৌ পুলিশ ও কর্তৃপক্ষের কোনো তদারকি নেই। জেলায় ডুবুরি দলের কোনো ইউনিটও নেই।
এদিকে নৌকাডুবির ঘটনার পরপর নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা দাবিতে নদী নিরাপত্তাবিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। কিন্তু এক বছরে এসব দাবির কিছুই পূরণ হয়নি।
নোঙরের দাবিগুলো হলো নৌযান নিবন্ধন করা ও নিবন্ধিত নম্বরপ্লেট প্রদর্শিত স্থানে স্থাপন করা, নৌ চালকদের (মাঝি) প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনা, নৌযানে যাত্রীসংখ্যা নির্ধারণ করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো, নৌযানে পর্যাপ্ত বয়া নিশ্চিত করা এবং চালক ও যাত্রীদের সবার জন্য জীবন রক্ষাকারী সরঞ্জাম, লাইফ জ্যাকেট নিশ্চিত করা।
নোঙরের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা ছয় দফা দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু ঘটনার এক বছর পার হলেও কোনো দাবিই পূরণ হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার তিতাস নদের লাইস্কা বিলে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে ২৩ জন মারা যান। দুর্ঘটনার ৪১ ঘণ্টা পর ডুবে যাওয়া যাত্রীবাহী নৌকাটি উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় সাতজনের নামে মামলা হয়। ঘটনার পরপর মামলার সাতজনের মধ্যে বালুবাহী বাল্কহেডের মাঝি সরাইলের জমির মিয়া (৩৩), তাঁর সহযোগী মো. রাসেল (২২) ও খোকন মিয়া (২২), বাল্কহেডের মালিক মো. সোলাইমান (৬০) এবং পেছন থেকে ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডের সহযোগী উপজেলার মিষ্ঠু মিয়াকে (৬৭) গ্রেপ্তার করে পুলিশ। এই পাঁচজন নিজেদের দোষ স্বীকার করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই বাল্কহেডের মাঝি, সহযোগী ও মালিকেরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রীবাহী নৌকাটি দ্রুতগতিতে যাচ্ছিল। বাঁ দিকে মোড় নেওয়ায় ধাক্কা লাগে। তবে বাল্কহেড ও বাল্কহেডের মাঝির কোনো নিবন্ধন নেই বলেও জানান তাঁরা।
এদিকে নৌকাডুবির ঘটনার পরপর সদ্য বিদায়ী সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ঘটনার পরের দিন তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় ১২ থেকে ১৩ জনের সাক্ষ্য নেন। ডুবে যাওয়া নৌকার কোনো ফিটনেস, নিবন্ধন ও সার্ভে সনদ এবং এমনকি রুট পারমিটও ছিল না বলে তদন্ত কমিটি সে সময় জানিয়েছিল।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় ৫১৭ কিলোমিটার নৌপথ আছে। বর্যাকালে এই নৌপথ দিয়ে নৌযান চলাচল করে। শীত মৌসুমে ৩০-৪০ শতাংশ এলাকায় পানি থাকে এবং নৌযান চলাচল করে।
জেলায় নেই ডুবুরি দল
জেলা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানা গেছে, জেলার প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মকর্তা–কর্মচারীর ২১৯টি পদ আছে। কিন্তু এসব স্টেশনে কোনো ডুবুরির পদ নেই। জেলা শহরের অবস্থিত প্রথম শ্রেণির ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যক্রম ১৯৬৪ সালে শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আবদুর সামাদ প্রথম আলোকে বলেন, ‘জেলায় ডুবুরি দলের ইউনিট নেই। তবে গত বছর নৌকাডুবির ঘটনার পরপর আমরা সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালকের কাছে ডুবুরি দলের ইউনিটের জন্য আবেদন করেছিলাম।’