সিলেট সিটি নির্বাচন সামনে রেখে জরুরি সভা ডেকেছে আ.লীগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জরুরি সভা ডেকেছে মহানগর আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নগরের তালতলা এলাকার হোটেল গুলশানে এ সভা হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এর আগে ১৫ এপ্রিল মেয়র পদে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১১ জন।
মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনাসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এ জরুরি সভা ডাকা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ মে মনোনয়নপত্র বাছাইয়ের এবং ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, জরুরি সভায় নির্বাচন পরিচালনা, ওয়ার্ডভিত্তিক প্রচার-প্রচারণা চালানোসহ যাবতীয় করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত দুটি নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী জয় পাননি। দলের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে এবার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চাইছেন। এর আগে দল এতটা ঐক্যবদ্ধ ও সংগঠিত ছিল না।