হাজতখানায় আসামিদের জন্য ‘আদালত পাঠাগার’

পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান নিজ উদ্যোগে এ পাঠাগার করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় ‘আদালত পাঠাগার’

মামলার নির্ধারিত তারিখে কারাগার থেকে আদালতে আনা হয় আসামিদের, বসিয়ে রাখা হয় হাজতখানায়। মামলার শুনানি শুরুর আগ পর্যন্ত আদালতের হাজতের মেঝেতে বসে থাকতে হয় তাঁদের। ওই সময়টা যাতে দুশ্চিন্তায় না কাটে; বরং তাঁরা বই পড়ে কাটাতে পারেন সে জন্য ‘আদালত পাঠাগার’ করেছেন এক বিচারক।

পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান নিজ উদ্যোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ পাঠাগার করেন। গতকাল বুধবার সকালে তিনি আদালত পুলিশের মাধ্যমে আসামিদের বই সরবরাহ করে এ পাঠাগারের কার্যক্রম শুরু করেন। এ সময় এজলাসের কাঠগড়ায় আসামিদের জন্য একটি বুকশেলফ স্থাপন করা হয়।

পঞ্চগড় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রশংসনীয় এবং অনুকরণীয়।

পাঠাগারে প্রাথমিকভাবে স্থান পেয়েছে ৪৫টি বই। এর মধ্যে রয়েছে, শরৎ রচনাসমগ্র, ডেল কার্নেগির রচনাসমগ্র, জেল কোড, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ডা. লুৎফর রহমানের রচনাসমগ্র, সাক্ষ্য আইন, মুসলিম পারিবারিক আইন ও বিধিমালা, মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান বিবাহ ও তালাক–সম্পর্কিত আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত বই। বিচারকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাঠাগারে আরও বই সরবরাহ করতে সম্মত হয়েছে জেলা আইনজীবী সমিতি।

আদালতের একাধিক সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে সকালে আসামিদের জেলা কারাগার থেকে এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের হাজতখানায় রাখা হয়। এভাবে প্রতিদিন ৩০ থেকে ৫০ আসামিকে সেখানে আনা হয়। সংশ্লিষ্ট আদালতে শুনানি শুরুর আগ পর্যন্ত আসামি হাজতখানায় অপেক্ষায় থাকেন। এ ছাড়া জামিন না হওয়া আসামিদের আবারও সেখানে এনে রাখা হয়। পরে সন্ধ্যার আগে তাঁদের সেখান থেকে কারাগারে নেওয়া হয়। এ সময়ে যাতে তাঁরা বই পড়ে কাটাতে পারেন, এ জন্য এই পাঠাগার করা হয়েছে বলে জানান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল ইসলাম। 

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারী বলেন, ‘এখনকার আসামিদের বেশির ভাগই পড়াশোনা জানেন। আইনের বিভিন্ন বই ও মনীষীদের জীবনী পড়ে আসামিদের মন থেকে অপরাধপ্রবণতা দূর হবে। তাঁরা নিজেকে শুধরানোর চেষ্টা করবেন বলে আমার মনে হয়। পাঠাগারে আমরাও কিছু বই সরবরাহ করতে চাই।’

গত বছরের শীতের সময় আসামিদের বসার জন্য এজলাসের কাঠগড়ায় কার্পেট বিছানোর উদ্যোগ নিয়েছিলেন বিচারক মতিউর রহমান। তাঁর ওই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে জেলা জজ আদালতের প্রতিটি কাঠগড়ায় কার্পেট বিছানো হয়েছিল।