বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়। নিহতরা হলেন কলেজছাত্র রাহিম ওরফে বিজয় (১৯), স্কুলছাত্র অপূর্ব (১৬) এবং প্রেম (১৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাঁরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং বগুড়া থেকে নওগাঁর দিকে ফিরছিলেন।