সদরঘাটের লঞ্চের অপেক্ষায় দক্ষিণাঞ্চলের যাত্রীরা
আজ শুক্রবার চাঁদ দেখা গেলে কাল শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মা-বাবা ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য অনেকেই ছুটছেন গ্রামের বাড়ি। বাসে যাওয়ার ব্যবস্থা থাকলেও দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চে করে যেতে পছন্দ করে। এ জন্য বিআইডব্লিউটিএ ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ দিয়েছে। কিন্তু যাত্রীদের চাপ অনেক বেশি। এ কারণে লঞ্চ না পেয়ে কয়েক শ যাত্রী সদরঘাটে অপেক্ষা করছে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও লঞ্চ না পেয়ে রোদের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নানা শ্রেণি ও পেশার মানুষ। বেলা দুইটার পর থেকে দক্ষিণাঞ্চলের আমতলী, পটুয়াখালী, গলাচিপা, বগা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা রুটে নৌযানসংকট দেখা দেওয়ায় যাত্রীরা নিজ নিজ গন্তব্যের লঞ্চ না পেয়ে সদরঘাটে অপেক্ষা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগে ঢাকা–পটুয়াখালী নৌপথের ঢাকা থেকে তিনটি, ঢাকা–ঝালকাঠী নৌপথে একটি, ঢাকা–ভোলা নৌপথে ২২টি, ঢাকা–পিরোজপুর পথে ৩টি এবং ঢাকা–বরগুনা নৌপথে চারটি লঞ্চ ছেড়ে যাচ্ছে।
সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার ভোররাত থেকে যাত্রীরা নদীপথে লঞ্চে যাওয়ার টার্মিনাল এলাকায় ও পন্টুনে ভিড় জমান। সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত টার্মিনাল ছেড়ে যাওয়া বেশির ভাগ লঞ্চগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। এ ছাড়া বেশ কয়েকটি লঞ্চ ছাদে অতিরিক্ত যাত্রী বহন করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটা থেকে বেলা তিনটা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ৭৬টি লঞ্চ। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৭১টি লঞ্চ।
পটুয়াখালীগামী আবদুল কুদ্দুস বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। তাই পরিবার-পরিজন নিয়ে আজ দুপুর ১২টার পর টার্মিনালে এসে দেখি আমাদের রুটের লঞ্চ নেই। তাই উপায় না পেয়ে বাধ্য হয়ে পরিবার-পরিজন নিয়ে টার্মিনালে অপেক্ষা করছি।’
বরগুনাগামী রেহানা বেগম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সদরঘাটে এসে দেখি সুন্দরবন লঞ্চে যাত্রীদের অনেক ভিড়। ভিড়ের মধ্যে পড়ে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে লঞ্চে উঠতে না পেরে অন্য লঞ্চের জন্য অপেক্ষায় ছিলাম। এখন বেলা আড়াইটা বাজে, কিন্তু লঞ্চের দেখা নেই। তাই ছেলেমেয়েকে নিয়ে পন্টুনে বসে লঞ্চের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও বলেন, রোজা রেখে এই গরমে হাঁসফাঁস অবস্থা। এভাবে অপেক্ষা করতে অনেক কষ্ট হচ্ছে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ বলেন, ‘গতকাল রাতে যেসব লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে, সেগুলো ফিরছে। আশা করছি, শিগগিরই লঞ্চগুলো টার্মিনালে ভিড়বে। সন্ধ্যা নাগাদ সদরঘাটে লঞ্চসংকট থাকবে না।’
বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক কবির হোসেন বলেন, গতকাল রাতে যেসব লঞ্চ দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে, সেগুলো ফিরে এলে নৌযান সংকট থাকবে না। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ বিষয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। যেসব লঞ্চ নির্দেশ অমান্য করে লঞ্চে ও ছাদে অতিরিক্ত যাত্রী বহন করবে, সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।