আইডি ও পাসওয়ার্ড ফেরত নেওয়ার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর সিফাত হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে কথা বলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বুধবার বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘ফ্রি ফায়ার গেম’ খেলার আইডি ও পাসওয়ার্ড ফেরত নেওয়ার জেরে এক কিশোর তার বন্ধু সিফাতকে (১৩) কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ওই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে বন্ধুকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

নিহত সিফাত বগুড়া শহরের নুরানি মোড় প্রতিভা পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে বগুড়া শহরের নিশিন্দারা-খাঁপাড়া এলাকার শাহ আলম প্রামাণিকের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, নিহত সিফাত ও তাকে হত্যাকাণ্ডে অভিযুক্ত কিশোর—দুজনই মুঠোফোনে নিষিদ্ধ ‘ফ্রি ফায়ার গেম’ ও ‘পাবজি গেম’ খেলায় আসক্ত ছিল। একসঙ্গে ‘ফ্রি ফায়ার গেম’ খেলার সময় সিফাতের কাছ থেকে কৌশলে আইডি ও পাসওয়ার্ড নম্বর নেয় ওই কিশোর। কিছুদিন পর সিফাত আইডি ও পাসওয়ার্ড ফেরত চাইলে ওই কিশোর ফেরত দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ওই কিশোরকে চাপে ফেলে আইডি ও পাসওয়ার্ড ফেরত দিতে বাধ্য করে সিফাত। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগে। সেই দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা মোতাবেক গত রোববার বিকেলে কৌশলে সিফাতকে তার দাদাবাড়িতে বেড়ানোর কথা বলে শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ডেকে নিয়ে যায় ওই কিশোর। এরপর ‘ফ্রি ফায়ার গেম’ খেলার কথা বলে সিফাতকে দাদাবাড়ির পাশে একটি বাঁশবাগানে নেওয়া হয়। সেখানে চাপাতি দিয়ে পেছন থেকে সিফাতকে আঘাত করে ওই কিশোর। এতে সিফাত মাটিতে পড়ে গেলে মুখ চেপে ধরে গলা ও বাঁ হাতের আঙুল কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ওই কিশোর পালিয়ে ঢাকায় চলে যায়। পরে গত সোমবার দুপুরে বাঁশবাগান থেকে সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় শিবগঞ্জ থানার পুলিশ।

এ ঘটনায় নিহত সিফাতের বাবা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর গতকাল মঙ্গলবার ঢাকার মণিপুরিপাড়া থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কিশোরকে বগুড়ায় নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ, মোতাহার হোসেন, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, গোয়েন্দা শাখার (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন