টাঙ্গাইলে কিশোর-কিশোরীর ট্রেনে কাটা লাশ মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কিশোর-কিশোরীর ট্রেনে কাটা লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার কাশিল ইউনিয়নের রেললাইনের জোড়বাড়ী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিবার ও স্বজনদের ভাষ্য, ওই কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় আজ ভোরে ট্রেনে নিচে ঝাঁপিয়ে পড়ে দুজন আত্মহত্যা করেছে।

মারা যাওয়া কিশোরের বয়স ১৭ ও কিশোরীর বয়স ১৫ বছর। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক কারখানায় শ্রমিকের কাজ করার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়।পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা কর্মস্থল থেকে বের হয়ে যায়। এর পর থেকে দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ ভোরে দুজনের ট্রেনে কাটা লাশ পাওয়া যায়।

মারা যাওয়া কিশোরের বড় ভাই বলেন, ‘তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে মেনে না নেওয়ায় অভিমানে তারা আত্মহত্যা করেছে।’

জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সুলতান মাহমুদ বলেন, আজ ভোর চারটার দিকে ঢাকাগামী আন্তনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ এসে দুজনের লাশ নিয়ে গেছে।

কিশোর-কিশোরী লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক।