বরিশাল সিটির ওয়ার্ড পরিক্রমা
জলাবদ্ধতা, বেহাল সড়ক ভোগাচ্ছে
সাগরদী সেতু থেকে ধান গবেষণা সড়কটির অবস্থা বেশ বেহাল। সড়কটির সংস্কারকাজ শুরু হলেও তা থেমে থেমে ঢিমেতালে চলছে।
বরিশাল সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নম্বর লাগোয়া দুটি ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই। নালা না থাকায় সামান্য বৃষ্টি হলে দেখা দেয় জলাবদ্ধতা। আবার রাস্তাঘাট অধিকাংশই ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন।
মোল্লাবাড়ি সড়ক, পুলিশ বাড়ি, খান সড়ক, আবদুল মান্নান সড়ক, খেয়াঘাট সড়ক, কাটাখালীর খাল, কাজীবাড়ি, রূপাতলী হাউজিং, লালার দিঘিরপাড়, মৃধা বাড়ির পাড়, প্রাইমারি স্কুল সড়ক, জিয়া নগর চরের বাড়ি, ফিরোজ খাঁ রোড, শের-ই-বাংলা সড়ক, হামিদ খান সড়ক, আক্কেল আলী সড়ক, এ ওয়াহেদ সড়ক, গাউজিয়া সড়ক এবং ধান গবেষণা সড়ক এলাকা নিয়ে গঠিত ২৪ নম্বর ওয়ার্ড।
শূন্য দশমিক ৭০ বর্গকিলোমিটারের এই ওয়ার্ডটিতে জনসংখ্যা ২০ হাজারের বেশি। ভোটার ১৪ হাজার ৭১১। ওয়ার্ডটির অভ্যন্তরীণ অধিকাংশ সড়ক ভেঙেচুরে বেহাল অবস্থা। দীর্ঘদিন এসব সড়ক সংস্কার না হওয়ায় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে সাগরদী সেতু থেকে ধান গবেষণা সড়কটির অবস্থা বেশ বেহাল। অনেক দিন আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও তা থেমে থেমে ঢিমেতালে চলছে।
৯ মে সরেজমিন দেখা যায়, সড়কটির সংস্কারের জন্য সড়কের পাশে স্তূপাকারে ইট ফেল রাখা হয়েছে। এতে ভাঙাচোরা সড়কটি দিয়ে পথচারী ও যান চলাচলে আরও ভোগান্তি হচ্ছে।
নাঈম হোসেন নামে এলাকার এক বাসিন্দা বলেন, এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। কয়েক মাস আগে সংস্কারের উদ্যোগ নিয়েও কাজ বন্ধ রয়েছে। মাঝেমধ্যে শুরু হয়, আবার বন্ধ থাকে। কবে নাগাদ এর কাজ সম্পন্ন হবে তা অনিশ্চিত।
রূপাতলী হাউজিং এলাকার অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থাও বেহাল। নালা থাকলেও সেগুলো সরু হওয়ায় পানিনিষ্কাশন হয় না। তাই সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। আমিনুল ইসলাম নামে এই এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বলে
বোঝাতে পারব না। সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে বাইরে বের হওয়া দুষ্কর। আর বেশি বৃষ্টি হলে নৌকা ছাড়া বাইরে বের হওয়ার কোনো উপায় থাকে না। নালা থাকলেও সেগুলো থেকে পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে এ অবস্থা হয়। রাস্তাঘাটের অবস্থাও বেহাল।’
রাস্তা, নালা সমস্যার কারণে ২৫ নম্বর ওয়ার্ডেও জলাবদ্ধতার সমস্যা প্রকট। এ ওয়ার্ডের আওতাধীন রূপাতলী বাসস্ট্যান্ড এলাকাটি দীর্ঘদিন বেহাল থাকলেও সম্প্রতি এর উন্নয়ন হওয়ায় আপাতত ভোগান্তি কমেছে। তবে বসুন্ধরা হাউজিং এলাকার অধিকাংশ রাস্তা এখনো চলাচলের অনুপযোগী। ভাঙাচোরা রাস্তা দিয়েই চলতে হয় এলাকার লোকজনকে। এ ছাড়া নালা না থাকায় বর্ষা মৌসুমে পুরো এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বাসিন্দাদের ভোগান্তির শেষ থাকে না।
গ্যাস টারবাইন, রূপাতলী হাইস্কুল, বটতলা, সোনারগাঁও টেক্সটাইল মিল, রূপাতলী, আহমেদ মোল্লা সড়ক, উকিলবাড়ি সড়ক, সাগরদী কারিকর বিড়ির ব্রাঞ্চ, খ্রিষ্টানপাড়া ও গাউছিয়া এলাকা নিয়ে গঠিত ২৫ নম্বর ওয়ার্ড। শূন্য দশমিক ৯৯ বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ১৫ হাজার। এর মধ্যে ভোটার ১৩ হাজার ৩২৮ জন।
একই দিন সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের অধিকাংশ সড়ক বেহাল। দপদপিয়া এলাকার গ্যাস টারবাইন থেকে কালিজিরা–সংলগ্ন বটতলা স্কুল পর্যন্ত সড়কটি এতটাই বেহাল যে ধুলোবালি ছাড়া সড়কে যেন আর কিছু অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দা হাসান আহমেদ বলেন, ‘এই সড়ক দিয়ে চলতে গেলে বাসায় এসে গোসল না করে পারা যায় না। কী কষ্টে আছি, তা বলে বোঝাতে পারব না।’
২৫ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায়, শুধু গ্যাস টারবাইন সড়কই নয়, বটতলা থেকে জোড়া পুল, আহমেদ মোল্লা সড়ক, এ ওয়াহেদ সড়কসহ অভ্যন্তরীণ সব সড়কের অবস্থাই বেহাল। এসব বিষয়ে বক্তব্য জানার জন্য ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকিরকে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি।
সংরক্ষিত ২৪, ২৫, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিমা বেগম প্রথম আলোকে বলেছেন, ‘গত পাঁচ বছরে এসব ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি। সম্প্রতি আমার নির্বাচনী এলাকার তিনটি ওয়ার্ডে প্রচার চালাতে গিয়ে আমি বুঝতে পেরেছি, রাস্তাঘাটের কী খারাপ অবস্থা। ঝাঁকুনিতে আমার অসুস্থ হয়ে পড়ার অবস্থা হয়েছিল।’ সেলিমা বেগম বলেন, ‘উন্নয়নকাজ তেমন কিছুই করতে পারিনি। সিটি করপোরেশন থেকে বরাদ্দ না এলে এটা করব কীভাবে।’