করতোয়ায় নৌকাডুবি
তিন মাস ধরে অপেক্ষায় সরেন্দ্র নাথের পরিবার
নৌকাডুবির পর জীবিত উদ্ধার হন ৩৩ জন। ও ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ আছেন একজন।
‘এতোলা (এতোগুলা) মরা শরীর দেখিনু বাপু, খালি মানুষটার শরীরটা দেখা পানুনি। ওই যে সাইকেলখান নিয়া মানুষটা বাহির হয়া গেল আর ফিরে আসিলনি (এল না)। নিজের হাতে দুইডা বেটির (মেয়ের) মরা শরীর নারেচারে দেখিনু কিন্তু ওর বাপের মুখখান আর দেখা পানুনি।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন শান্তি রানী (৫৮)। গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির তিন মাস পরও খোঁজ পাওয়া যায়নি সরেন্দ্র নাথ বর্মণের (৬৩)। তাঁর অপেক্ষায় এখনো দিন গুনছেন তাঁর পরিবারের সদস্যরা। শান্তি রানী তাঁর স্ত্রী।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজারের পাশে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার হয়েছে। এখন নিখোঁজের তালিকায় রয়েছেন শুধুই সরেন্দ্র নাথ।
নিখোঁজ সরেন্দ্র নাথ সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া-ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। গত শুক্রবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, এখনো সেখানে চলছে শোকের মাতম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া নৌকাডুবির ভিডিও বের করে সরেন্দ্র নাথের বড় ছেলে স্বপন চন্দ্র বর্মণ। তা দেখিয়ে বলেন, ‘ওই যে দেখেন, নৌকার পেছন দিকে ধপধপে সাদা পাঞ্জাবি পড়া যে লোকটা দাঁড়িয়ে আছেন তিনিই আমার বাবা। এত মানুষ বেঁচে উঠল, এত মানুষের লাশ পাওয়া গেল শুধু আমার বাবাকেই খুঁজে পেলাম না। সন্তান হিসেবে এর চেয়ে বেশি কষ্টের আর কী হতে পারে, বলেন?’
পরিবারের লোকজন বলেন, মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে গত ২৫ সেপ্টেম্বর দুই মেয়ে, এক মেয়ের জামাই ও বেয়াইসহ ছয়জন স্বজনের সঙ্গে নদী পার হচ্ছিলেন সরেন্দ্র নাথ। নৌকা ডুবে গেলে বিনয় চন্দ্র বর্মন (৪২) নামে তাঁদের এক স্বজন সাঁতরে পাড়ে উঠতে পারেন। এরপর উদ্ধার অভিযানে বেয়াই, দুই মেয়ে ও এক মেয়ের জামাইসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন সরেন্দ্র নাথ। তাঁর খোঁজ পেতে এখনো মাঝেমধে৵ নদীর পাড়ে ঘুরে বেড়ান তাঁরা।
সরেন্দ্র নাথের ছোট ছেলে তপন চন্দ্র বর্মন বলেন, ‘এখনো মাঝে-মধ্যে নদীর পাড়ে গিয়ে পাথর-বালু তোলা লোকজনকে বলে আসি বাবার কথা। আমার বাবার পরনে থাকা কাপড়চোপড়ের বর্ণনা দিয়ে আসি। কিন্তু কোথাও থেকে কোনো খবর পাই না।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার দিন থেকে গত ৩ অক্টোবর ভোর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা ১২টি দলে বিভক্ত হয়ে উদ্ধার অভিযান চালান। এতে তাঁদের ৭০ জন সদস্য কাজ করেছিলেন। আউলিয়ার ঘাট থেকে দিনাজপুরের আত্রাই নদ পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চলে। নৌকাডুবির ঘটনার আট দিন পর গত ৩ অক্টোবর ভোরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কার্যক্রম স্থগিত করে। তবে এখনো মাঝেমধ্যে ঘটনাস্থলে খোঁজ নিচ্ছেন বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা। তিন মাসেও আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি উদ্ধার অভিযান বন্ধের ঘোষণা।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন নৌকাটিতে মোট ১০৫ জন যাত্রী উঠেছিলেন। নৌকাডুবির পর সাঁতরে পাড়ে ওঠেন ৬ জন, উদ্ধার হন ২৭ জন। ৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছে ।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, বোদা ইউনিটের একটি টহল দল এখনো ওই ব্যক্তির সন্ধানে খোঁজখবর নিচ্ছেন। এ জন্য এখন পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।