সিলেটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

আগুনে পুড়ে গেছে কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. তজমুল আলীর বাড়িছবি: প্রথম আলো

সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. তজমুল আলীর। তাঁর ছেলের দাবি, দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে আগুন লাগিয়েছে। এতে বাড়িতে থাকা সব আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট সদরের নিজচৌরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেটের কানাইঘাট ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল কাদির বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত সাড়ে ৮টায় আগুন নেভানোর কাজ শেষ হয়। এতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করেছে। বাড়ির মালিক আগুন লাগার বিষয়টি অজ্ঞাত কারণে ঘটেছে বলে জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তজমুল আলীর ছেলে আখতার আলম বলেন, তাঁর বাবা আওয়ামী লীগের রাজনীতি করেন এবং বর্তমানে অসুস্থ। বাবার চিকিৎসার জন্য রমজানের শুরুর দিকে কানাইঘাট উপজেলা বাজার–সংলগ্ন বাসায় পরিবার নিয়ে উঠেছেন। এ কারণে বাড়িতে কয়েক দিন ধরে কেউ থাকেন না। এমন সুযোগে গতকাল ইফতারের মুহূর্তে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির সবকিছু পুড়ে গেছে।

আখতার আলম জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচাদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। গতকাল আগুন নেভানোর পর আজ শনিবার সকালে সেই পুরোনো বাড়িতে গেলে তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানা–পুলিশকে লিখিত অভিযোগ করবেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি যে রকম ছড়িয়েছে, তেমনটি নয়। আওয়ামী লীগ করতেন বলে কেউ আগুন দিয়েছেন, এমন নয়। আগুন লাগার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই পরিবারের নিজেদের মধ্যে ঝামেলা রয়েছে, এমনটি প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হবে।