বেনাপোলে নদীর পাড়ে কাদার মধ্যে পাওয়া গেল আড়াই কোটি টাকার সোনা
যশোরের বেনাপোলে স্কচটেপ ও পলিথিনে মুড়িয়ে কাদার মধ্যে পুঁতে রাখা ছয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী এলাকায় ইছামতি নদীর পাড় থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আজ বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা সোনার পরিমাণ ৩ কেজি ৩৫৩ গ্রাম, যার বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। সোনার বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। তবে পাচারকারীকে আটক করা যায়নি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, উদ্ধার সোনা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত পিলার ১৭/৯ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী এলাকায় ইছামতি নদীর পাড়ে তিনটি বড় ও তিনটি ছোট সোনার বার স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় কাদার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। আজ দুপুরে গোপনে এই খবর পেয়ে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার একটি টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।