বাঁশখালীতে ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম আশা খাতুন (৫০)। তিনি একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। গতকাল রোববার রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় আশা খাতুনের স্বামী নুরুল ইসলাম চিকিৎসার জন্য শহরে ছিলেন। তাঁর দুই মেয়ে ছিলেন শ্বশুরবাড়িতে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খবর পেয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুল হাসান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত জব্দ করে পুলিশ।