সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার এবং এই মামলায় গ্রেপ্তার একই পত্রিকার প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা যশোরের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যরাতে বিনা পরোয়ানায় শামসুজ্জামানকে আটক করে তাঁকে ও তাঁর কর্মস্থল নিয়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। সেই সঙ্গে এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করা হয়েছে।
শামসুজ্জামান ছাড়াও সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীদের আটক ও হয়রানির তথ্যও নজরে এসেছে। দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে মতপ্রকাশের স্বাধীনতা। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে।
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বক্তরা বলেন, প্রথম আলোর একটি খবরকে কেন্দ্র করে সাংবাদিককে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মধ্যরাতে মামলা করা হয়েছে। এটা মূলত ভয় দেখানোর জন্য ও সাংবাদিকের কণ্ঠ রোধ করার জন্য করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, কথায়–কথায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রবণতা বাদ দিতে হবে। এ আইন বাতিল করতে হবে। সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে।
বন্ধুসভা আয়োজিত এই মানববন্ধনে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও মাসুদ আলম। এতে সভাপতিত্ব করেন যশোর বন্ধুসভার সভাপতি লাকী কাপুড়িয়া। এই কর্মসূচিতে যশোরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।