চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় আবদুল মালেক (৪৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মালেক মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত তিনজন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। পরে চরবাগডাঙ্গা এলাকা থেকে ইউসুফ (৪৫) ও শাকিল (৩৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর মূলহোতাদের একজন শরিফ উদ্দীনকেও গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গতকাল শনিবার রাতে আবদুল মালেককে গ্রেপ্তার করা হলে এ মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ৭।
গত ১৪ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে আবুল কালামের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন ও জিহাদ আলী নামে দুই তরুণ নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনাটি ঘটে শরিফ উদ্দীনের ভাই আবুল কালামের বাড়িতে। তদন্তে উঠে এসেছে দুলালের তত্ত্বাবধানে সেখানে বোমা তৈরির কাজ চলছিল। ঘটনার পর ওই দিন রাতে সদর থানার উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন।