দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মো. বেলাল হোসেন (৫০)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আবু তাহের কোম্পানি বাড়ির মো. ইউনুস মিয়ার ছোট ছেলে। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার সময় সকালে সাড়ে নয়টার দিকে তাঁকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে গুলি করে সন্ত্রাসীরা।
নিহত বেলাল হোসেনের বড় ভাই মো. মোস্তফা বলেন, ওই দেশে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে বেশ কিছু দিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা বেলালের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে চাননি।
এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে দোকানে ঢুকে তাঁকে গুলি করলে তিনি দোকানেই লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলাল হোসেনের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানান তাঁর বড় ভাই।
১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন বেলাল হোসেন। তাঁর পরিবার জানায়, সেখানে তাঁদের আরও বেশ কয়েকজন আত্মীয়স্বজন আছেন। বেলাল সে দেশে যাওয়ার পর কিছুদিন চাকরি করেন। তারপর নিজেই ব্যবসা শুরু করেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। তাঁর মৃত্যুর খবরে বাড়িতে চলছে মাতম।