ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় লরির ধাক্কা, প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে তেলবাহী লরি ধাক্কা দিলে দুজন নিহত হন। আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রী অটোরিকশায় ছিলেন। তাঁরা হলেন মোহন বণিক (৩০) ও সুমন গোস্বামী (৩০)। মোহন হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বণিকপাড়ার গৌরাঙ্গ বণিকের ছেলে আর সুমন মাধবপুর উপজেলার আধাঐর গ্রামের স্বপন গোস্বামীর ছেলে। হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ছয়টার দিকে বিজয়নগর উপজেলার শশই এলাকায় সিলেটগামী তেলবাহী একটি লরি প্রথমে যাত্রীবাহী মাইক্রোবাসকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় লরিটি। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহত ব্যক্তিরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এদিকে আজ সকাল সাড়ে আটটার দিকে একই মহাসড়কের বিজয়নগর উপজেলার বিরপাশা এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের জিম্মায় থানায় রাখা হয়েছে। চারটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।