কুষ্টিয়ার গড়াই নদে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গড়াই নদে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকেলে কুষ্টিয়া কুমারখালীতে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার গড়াই নদে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাঁর নাম তানভীর (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তানভীরের দুই বন্ধুও নদে নেমেছিলেন, তবে তাঁরা তীরে উঠতে পেরেছেন।

নিখোঁজ তানভীর বরগুনার বাসিন্দা। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা–পুলিশ সূত্র জানায়, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে।

এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তাঁরা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন প্রথম আলোকে বলেন, ১৩ শিক্ষার্থীর একজন নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।