নারায়ণগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, আটক ১
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামন থেকে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্রটি ২৪ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার ভোরে সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজে দেখা যায়, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী নগর ভবনের গোলচত্বরের সামনে তাঁর গতিরোধ করে। এরপর দুই ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানকে ঘিরে ফেলে এবং তাঁকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাঁর কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেওয়া হয়।
ছিনতাইকারীদের একজনের পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জিনস প্যান্ট ও কালো শার্ট। এ সময় আশপাশে একজন পথচারীকেও দেখা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে জানান, ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান প্যাট্রল ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। সোমবার ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মন্ডলপাড়া নগর ভবনের সামনে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন।