জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে দুজনের মৃত্যু
জয়পুরহাট রেলস্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাদিকোলা এলাকার বাসিন্দা। তিনি সুপার স্টার কোম্পানির বগুড়া ডিপোতে চাকরি করতেন। মারা যাওয়া অপরজনের কাছে থাকা একটি ব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তির নাম আমির আলী (২৮)। ওই পরিচয়পত্রে আমির আলীর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পেচারচড় গ্রামে বলে উল্লেখ করা হয়েছে। তিনি মৃত মতি শেখের ছেলে।
শরিফুলের বড় ভাই খায়রুল ইসলাম বলেন, শরিফুল সুপার স্টার কোম্পানির বগুড়া ডিপোতে চাকরি করেন। অফিসের কোনো কাজে ট্রেনে অন্য কোথাও যাচ্ছিলেন কি না, তা বলতে পারছেন না। আহত অবস্থায় রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়ায়। ৫ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি আক্কেলপুর স্টেশনের অভিমুখে যাত্রা করে। এ সময় চলন্ত ট্রেন থেকে দুই ব্যক্তি পড়ে যান। একজন লাইনে পড়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরজন প্ল্যাটফর্মে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নরেন চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাস্থলে মারা যাওয়া একজনের কাছে যে ব্যাগ পাওয়া গেছে, সেখানে তাঁর ছবি, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড ছিল। ওই সূত্র ধরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর আহত শরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।