‘চাল-আটার জন্য ৫-৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়, কখনো পাই, কখনো পাই না’
শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা হাবিব মালের বয়স ৭৫ বছর। অভাবের সংসারে কিছুটা স্বস্তি আনতে খোলা বাজারের (ওএমএস) চাল-আটার ওপর ভরসা করেন তিনি। কিন্তু নিয়মিত পান না। অসুস্থ শরীর নিয়ে আজ মঙ্গলবার ফজরের নামাজের পরই আংগারিয়া বাজারে ওএমএসের দোকানের সামনে অপেক্ষা করছিলেন তিনি। পাবেন কিনা তা জানেন না।
হাবিব মাল আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘গতকাল সোমবার নাতিকে পাঠিয়েছিলাম। কিন্তু চাল-আটা কিছুই দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ছোট নাতির হাত ধরে এক কিলোমিটার পথ হেঁটে ওএমএসের দোকানের সামনে অপেক্ষা করছি। এখনো দোকান খোলা হয়নি। পাব কিনা তাও জানি না।’
শুধু হাবিব মালই নন ওএমএসের চাল আটার জন্য আজ শরীয়তপুর পৌর এলাকার ধানুকা, মনোহর বাজার ও আংগারিয়া বাজারে কয়েক শ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল নয়টা থেকে ওএমএসের দোকানগুলোতে চাল-আটা বিক্রির কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত তা শুরু করতে পারেনি কেউ।
শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রির জন্য ওএমএসের ১১ জন ডিলার দেওয়া হয়েছে পৌর এলাকার বিভিন্ন বাজারে। প্রত্যেক ডিলারকে খাদ্য গুদাম থেকে ৪৫৫ কেজি চাল ও ৪৫৫ কেজি আটা সরবরাহ করা হয়। প্রতি কেজি চালের দাম ৩০ টাকা আর প্রতিকেজি আটার দাম ২৪ টাকা। এক ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল অথবা ৫ কেজি আটা কিনতে পারবেন।
সপ্তাহে পাঁচ দিন ওএমএসের দোকান থেকে চাল ও আটা বিক্রি করতে পারে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমএসের দোকানগুলো খোলা রাখার নিয়ম আছে। আজ সকাল থেকে শরীয়তপুর পৌর এলাকার ৫টি দোকান ঘুরে দেখা গেছে সব কটি দোকান সকাল সাড়ে নয়টার পর খুলেছে। কয়েক শ মানুষ দোকানগুলোর সামনে ভিড় করে আছেন। তখন কোনো দোকানেই চাল ও আটা বিক্রি শুরু হয়নি।
অভাবের সংসার। ছেলেরা শ্রমিকের কাজ করে। বাড়ির সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ওএমএসের চাল-আটা সংগ্রহের দায়িত্ব আমার। কিন্তু পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনো পাই, আবার কখনো পাই না। যখন না পাই, তখন খালি হাতে ফিরতে অনেক কষ্ট হয়।
পূর্ব কাশাভোগ এলাকার বাসিন্দা সাফিয়া বেগম (৭০)। ৬ সদস্যের সংসারে দারিদ্র্য প্রকট। অসুস্থ শরীর নিয়ে আজ সকালে আঙ্গারিয়া বাজারে ওএমএসের দোকানের সামনে অপেক্ষা করছিলেন তিনি। সাফিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘অভাবের সংসার। ছেলেরা শ্রমিকের কাজ করে। বাড়ির সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ওএমএসের চাল-আটা সংগ্রহের দায়িত্ব আমার। কিন্তু পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনো পাই, আবার কখনো পাই না। যখন না পাই, তখন খালি হাতে ফিরতে অনেক কষ্ট হয়।’
শরীয়তপুর পৌরসভার নীলকান্দি এলাকার নাজমা আক্তারের (৪৫) স্বামী মাটিকাটা শ্রমিকের কাজ করেন। কাকডাকা ভোরে কাজে বেরিয়ে যান। নাজমাও চলে আসেন ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে। আজ অসুস্থ হয়ে পড়েন নাজমা। আট বছর বয়সী মেয়েকে ভোর ছয়টায় লাইনে দাঁড় করিয়ে বাড়ি ফিরে যান তিনি। নাজমা আক্তার বলেন, ‘আমরা গরিব মানুষ। লাইনে না দাঁড়ালে চাল-আটা পাওয়া যায় না। দেওয়ার কথা পাঁচ কেজি, কিন্তু আটা দেওয়া হয় তিন কেজি। চাল দেওয়া হয় চার কেজি।’
ওএমএসের ডিলার হানিফ হাওলাদার প্রথম আলোকে বলেন, সকালে মিল থেকে আটা পৌঁছাতে দেরি হয়। এ কারণে গ্রাহকদের কাছে বিক্রি করতে দেরি হয়। তবে কম দেওয়ার ও না দেওয়ার অভিযোগ সঠিক নয়।
ডিলার ইয়াকুব ঢালীর ম্যানেজার হাবিবুর রহমান বলেন, খাদ্যগুদাম থেকে চাল ও মিল থেকে আটা দেরিতে আসে। এ কারণে বিক্রি শুরু করতে দেরি হয়। তাই দোকানের সামনে মানুষের ভিড় থাকে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমএসের দোকানে চাল ও আটা বিক্রির কথা। অনেক সময় মিল থেকে আটা সরবরাহ দিতে দেরি করে। তখন কিছু সমস্যা হয়। আমরা সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেব। চাল-আটা কম দেওয়ার ও না দেওয়ার কোনো অভিযোগ আমরা গ্রাহক পর্যায় থেকে পাইনি।’