ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছে ধাক্কা খেলে চালকের সহকারী নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার দেবীপুর সুলতানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. ইয়ামিন (২১) ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাড়ির মো. ফজলুল হকের ছেলে। আহত ট্রাকচালক মো. রাশেদ তালুকদারের (২৯) বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলার গৌবিন্দপুর গ্রামে। তাঁকে ফেনী সদর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক রাশেদ তালুকদার ট্রাক থেকে লাফিয়ে পড়লে আহত হন। দুর্ঘটনাস্থলেই মারা চান চালকের সহকারী মো. ইয়ামিন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন এবং আহত রাশেদ তালুকদারকে হাসপাতালে ভর্তি করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ইয়ামিনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।