বিএনপি একধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে: চিফ হুইপ নূর-ই আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচর এলাকায় আজ শনিবার আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী
ছবি: প্রথম আলো

বিএনপি এখন লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভেতরে একধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী। আজ শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচর উচ্চবিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

ওই মতবিনিময় সভায় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বিএনপির কাছে অনেক কালোটাকা আছে বলে অভিযোগ করেন। বিএনপি সরকারের লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালোটাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।

নূর-ই আলম চৌধুরী বলেন, ‘আপনাদের (জনগণ) ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে, তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি কারোর নাই উল্লেখ করে নূর-ই আলম চৌধুরী বলেন, ১৯৮৬, ৮৮, ১৫ ফেব্রুয়ারিসহ বিভিন্ন নির্বাচনে তারা (বিএনপি-জামায়াত) ষড়যন্ত্র করেছে। কিন্তু ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগের নৌকাই বারবার নির্বাচিত হয়েছে। তাই তারা জানে যদি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি বাংলাদেশে কারওর নাই। শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোনো দল বাংলাদেশে নাই।

নূর-ই আলম চৌধুরী বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রকারীরা শুধু নির্বাচন এলেই ষড়যন্ত্র করে না, এরা স্বাধীনতাযুদ্ধেও বিরোধিতা করেছিল। তাই তাদের প্রতিহত করতে হবে। আমাদের সবার মনে রাখতে হবে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারে বিকল্প নেই।’
ওই মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।