ঘন কুয়াশায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত
মোটরসাইকেলে ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জে বাড়িতে ফিরছিলেন মো. মারুফ (৩২) ও বায়জিদ তালুকদার (১৮)। পথে সড়ক দুর্ঘটনায় দুজনই মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারুফ ও বায়জিদ সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দুজনের বাড়িই মোড়েলগঞ্জ উপজেলায়। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম বলেন, একই মোটরসাইকেলে করে ঢাকা থেকে মোড়েলগঞ্জে যাচ্ছিলেন মারুফ ও বায়জিদ।
ধারণা করা হচ্ছে, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দিলে মারুফ ও বায়জিদ ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।