ঘুরতে নিয়ে গিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেপ্তার

ধর্ষণপ্রতীকী ছবি

ভোলায় ১৮ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও গতকাল বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ।

এর আগে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে গত রোববার চার যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।
গ্রেপ্তার যুককেরা হলেন ভোলা সদর উপজেলার মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) ও মো. সবুজ (২৬)। এ ছাড়া আরেক আসামি এখনো পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গৃহবধূর স্বামী একটি হত্যা মামলায় কারাগারে আছেন। এ সুযোগে ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ করতে থাকেন তাঁর স্বামীর পূর্বপরিচিত সাকিব। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ মে সন্ধ্যায় ওই গৃহবধূকে বেড়াতে নিয়ে যান সাকিব। পরে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ‘গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ওই তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’