খোলা ময়লার ভাগাড়ে অসহনীয় জীবন

ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে বিভিন্ন সময় এলাকাবাসী মানববন্ধনও করেছেন। লিখিত আবেদনও দেওয়া হয়েছে। কোনো লাভ হয়নি।

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় খোলা ময়লার ভাগাড়। গত বুধবারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল প্রথম শ্রেণির পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে দুই দশক হলো। এত বছরে বিভাগীয় এ শহর আয়তনে যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লোকসংখ্যা। কিন্তু এত বছরেও এই শহরে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন হয়নি। গোটা নগরের বর্জ্য এখন ফেলা হচ্ছে নগরের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকার বিশাল একটি স্থানজুড়ে। ওই ভাগাড়ের চারপাশেই আবাসিক এলাকা। এই ময়লার ভাগাড় নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। দুর্ভোগ এতটাই চরমে গিয়ে পৌঁছেছে যে অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকছেন। এই খোলা ময়লার ভাগাড় এখান থেকে সরিয়ে নেওয়াই এই এলাকার বাসিন্দাদের প্রধান দাবি।

কাউনিয়া পুরানপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ছয় একর জায়গা ২০০৩ সালে ময়লা ফেলার জন্য অধিগ্রহণ করে সিটি করপোরেশন। এরপর ২০০৪ সাল থেকে ৩০টি ওয়ার্ডের ময়লা ফেলা শুরু হয়। সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই। পুরানপাড়া এলাকাটির এখন নামই হয়েছে ‘ময়লাখোলা’। উন্মুক্তভাবে ফেলা বর্জ্য পাশের সাপানিয়া খালের পানিতে গিয়ে মিশেছে। সেই খালের পানি যাচ্ছে কীর্তনখোলায়। এতে কীর্তনখোলা নদীর পানিও দূষিত হচ্ছে।

এত দুর্গন্ধ যে ঘরে বসে খেতে পারি না। উটকো গন্ধে রাতে ঘুমাতেও পারি না। এখন বাড়ি বিক্রি করব, কেউ কিনতে চায় না। কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসতে চায় না। বৃষ্টির সময় ময়লা ধোয়া পানি আমাদের বাড়িঘরে প্রবেশ করে। তখন বসবাস আরও কঠিন হয়ে পড়ে।
সাজেদা আক্তার, স্থানীয় বাসিন্দা

এই ওয়ার্ডে অন্তত সাড়ে চার হাজার পরিবার বসবাস করে। অনতিদূরেই আছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজসহ অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০-১২টি মসজিদ। ভাগাড়ের ৪০ গজ দূরেই রয়েছে কাউনিয়া হাউজিং প্রকল্প। সেখানে অন্তত ৫০০ পরিবারের বাস।

কাউনিয়া এলাকার পুরানপাড়া (ময়লাখোলা) এলাকার বাসিন্দা সাজেদা আক্তার (৪২) নিজেদের দুর্দশার কথা বর্ণনা করে বলেন, ‘এত দুর্গন্ধ যে ঘরে বসে খেতে পারি না। উটকো গন্ধে রাতে ঘুমাতেও পারি না। বৃদ্ধ মা–বাবা প্রায়ই শ্বাসকষ্টে অসুস্থ হন। দিনরাত মশা–মাছির উৎপাত। কী যে করব, বলতে পারি না। নিজের ভিটাটুকু ছেড়ে কোথায় যাব, খুব অসহায় লাগে।’

সাজেদা আক্তার বলেন, ‘আমরা ১৯৯৭ সাল জমি কিনে এখানে বসবাস শুরু করি। ২০০৩ সালে এখানে ভাগাড় করা হয়। এখন বাড়ি বিক্রি করব, কেউ কিনতে চায় না। এই বাড়ি ছেড়ে যাব-থাকব কোথায়? এই আজাবের মধ্যে আমাদের বাধ্য হয়ে বসবাস করতে হচ্ছে। কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসতে চায় না। বৃষ্টির সময় ময়লা ধোয়া পানি আমাদের বাড়িঘরে প্রবেশ করে। তখন বসবাস আরও কঠিন হয়ে পড়ে। বাইরে বসে রান্না করতে পারি না। কাক-পক্ষী ময়লা মুখে নিয়ে গাছে বসে, তা পড়ে বাড়ির ভেতর।’

এই ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেল, সবারই প্রায় একই অভিযোগ। জনবসতির মাঝে সিটি করপোরেশনের এই খোলা ময়লার ভাগাড় তাঁদের জীবনকে অসহনীয় যন্ত্রণাময় করে তুলেছে।

গত বুধবার দুপুরে পুরানপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, অসংখ্য পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের ময়লার উটকো গন্ধ এলাকাজুড়ে। ময়লার স্তূপের ওপর কুকুর, শূকর, কাক ও বিভিন্ন ধরনের পাখি খাবার খাচ্ছে। দুর্গন্ধে নাক চেপে চলাচল করছেন পথচারীরা।

বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল নগরে প্রায় ৬ লাখ মানুষের বাস। প্রতিদিন প্রায় ৩০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর একটি অংশ সড়কে ফেলা হয়। বড় সড়কগুলোয় ঝাড়ু দিয়ে ময়লা বিভিন্ন জায়গায় জমা করেন পরিচ্ছন্নতাকর্মীরা। কাজটি চলে রাত নয়টা থেকে পরদিন ভোর পর্যন্ত। বর্জ্য সংগ্রহের পর ট্রাকে কাউনিয়া পুরানপাড়ার ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হয়। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির বর্জ্য অপসারণে করপোরেশনের পরিচ্ছন্নতা শাখায় স্থায়ী ও অস্থায়ী নিয়োগে রয়েছেন ৯ শতাধিক কর্মী। বর্জ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে ১৮টি ট্রাক ও ২২০টি বক্সভ্যান।

পুরানপাড়া এলাকার বাসিন্দারা বলেন, উন্মুক্ত ডাম্পিং স্টেশন চালুর পর পুরানপাড়াসহ সরদারকান্দা, রাঢ়িমহল, শ্রীপুর কলোনি, মতাশার, কাউনিয়া হাউজিং, চরবাড়িয়ার সাপানিয়া ও উলালঘুনি গ্রামের অন্তত ২৫ হাজার পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।

কামরুজ্জামান জুয়েল নামের এক বাসিন্দা বলেন, ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে বিভিন্ন সময় এলাকাবাসী মানববন্ধনও করেছেন। লিখিত আবেদনও দেওয়া হয়েছে। কোনো লাভ হয়নি।

বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা পুরো ঢেলে সাজানো হচ্ছে। উন্নত বিশ্বের মতো বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়েছে। এরই মধ্যে শহরতলির লামছড়ি এলাকায় ছয় একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, অধিগ্রহণ করা ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণে ২৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।