দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’

আরাফাতের কোলে আবু বক্কর। ডেঙ্গু–হামে মৃত্যু হয়েছে এই দুই শিশুরছবি: পরিবারের কাছ থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পারলাম না আমার ছেলেটাকে বাঁচাতে। পারলাম না আমি। আমি শেষ হয়ে গেলাম, ভাই।’ কথাগুলো বলতে বলতেই আহাজারি করছিলেন মোহাম্মদ কবির। আর কথা এগোতে পারছিলেন না। কান্নায় আটকে যাচ্ছিল কণ্ঠ। কিছুক্ষণ নিশ্চুপ। তারপর আবার আহাজারি।

মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন এই বাবা। গত শুক্রবার ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতকে কবরে শুইয়ে এসেছেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেল ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করও। দুই ছেলেই হাম ও ডেঙ্গুতে আক্রান্ত ছিল।

আরও পড়ুন

গতকাল রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু বক্কর। এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় বক্করের বড় ভাই আরাফাত।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম প্রথম আলোকে আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সামান্য আয়ের সংসার। তবু দুই ছেলেকে ঘিরে স্বপ্নের কমতি ছিল না কবিরের। বড় ছেলে স্কুলে যেত। ছোট ছেলেটি তখনো মায়ের কোলের শিশু। দিনভর কাজ শেষে বাড়ি ফিরে দুই ছেলেকে কাছে পেতেন বাবা। ক্লান্তি ভুলে সময় কাটাতেন তাদের সঙ্গে।

আজ সোমবার সকালে কথা হয় দুই সন্তানহারা বাবা মোহাম্মদ কবিরের সঙ্গে। কয়েক দিন ধরে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, নির্ঘুম রাত আর দুই সন্তান হারানোর শোকে বিপর্যস্ত তিনি। কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন। ভাঙা কণ্ঠে বলছিলেন ছেলেদের কথা। কখনো কান্নায় কথা থেমে যাচ্ছিল। কখনো চেষ্টা করেও বাক্য শেষ করতে পারছিলেন না। কবির বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। পারলাম না তাকে বাঁচাতে। কী নিয়ে থাকব আমরা। কাকে নিয়ে থাকব।’

গতকাল সকালেও ছোট ছেলেকে বাঁচানোর আশায় হাসপাতালে ছিলেন কবির। সেদিন বেলা ১১টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর। তখন ১০ মাসের আবু বক্কর লাইফ সাপোর্টে। চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু বাবাকে কোনো আশার কথা শোনাতে পারছিলেন না। সেদিন কবির বলেছিলেন, ‘আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা (হৃৎস্পন্দন) আছে। ডাক্তাররা কোনো আশা দিতে পারতেছেন না। আজ সকালে ছেলেটাকে দেখাইছে। বুকটা কেঁপে উঠছে ভাই আমার। এক ছেলে নাই। আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?’

আমার ছোট ছেলেটাও চলে গেল। পারলাম না তাকে বাঁচাতে। কী নিয়ে থাকব আমরা। কাকে নিয়ে থাকব। -মোহাম্মদ কবির, মারা যাওয়া দুই শিশুর বাবা।

সেই আশঙ্কাই সত্যি হলো গতকাল গভীর রাতে। বড় ছেলের মৃত্যুর পর ছোট ছেলেকে ঘিরে যে শেষ আশাটুকু ছিল, সেটিও আর রইল না। যে সংসারে দুই ছেলের হাসি-কান্না আর ছোটাছুটি ছিল, সেখানে এখন আর কোনো সন্তান নেই। আজ বেলা সাড়ে ১১টায় ভাইয়ের কবরের পাশেই ছোট আবু বক্করকে দাফন করা হবে।

দুই সন্তানের কেউ রইল না

কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখায় ভালো ছিল ছেলেটি। আর ছোট ছেলে আবু বক্করের বয়স হয়েছিল মাত্র ১০ মাস। দুই ছেলেকে নিয়েই ছিল কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগমের সংসার।

প্রায় ১৫ থেকে ২০ দিন আগে জ্বর, বমি ও কাশিতে অসুস্থ হয়ে পড়ে আরাফাত। প্রথমে তাকে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর ভর্তি করা হয় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়।

কয়েক দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসার খরচ সামলাতে না পেরে ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন কবির। সেখানেও আইসিইউতে চিকিৎসা চলে। বাবার ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল।

বাবা কবিরের কোলে মারা যাওয়া শিশু আবু বক্কর। সম্প্রতি তোলা
ছবি: পরিবারের কাছ থেকে নেওয়া

গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল আরাফাত। আইসিইউতে শুয়ে জানিয়েছিল, সে ভালো আছে। তবে ছেলের কাছে বেশিক্ষণ থাকার অনুমতি পাননি কবির। সেটিই ছিল ছেলের সঙ্গে তাঁর শেষ কথা।

পরদিন শুক্রবার সকালে আরাফাতের অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা কবিরকে দ্রুত হাসপাতালে আসতে বলেন। ছেলের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন তিনি। এর মধ্যেই মারা যায় আরাফাত। শুক্রবার সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

বড় ছেলেকে কবরে শুইয়ে আসার পরও হাসপাতাল ছাড়তে পারেননি কবির। কারণ, ছোট ছেলে আবু বক্করও তখন একই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে ছোট ছেলের অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

রোববার সকালে চিকিৎসকেরা কবিরকে ছোট ছেলের অবস্থা দেখান। সন্তানের নিস্তেজ শরীর দেখে ভেঙে পড়েন তিনি। চিকিৎসকেরাও বাঁচার সম্ভাবনা কম বলে জানিয়েছিলেন। তবু আশা ছাড়তে চাননি এই বাবা। কবির তখন বলেছিলেন, ‘আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমার বুকের ধনটা এখন চুপ হয়ে গেছে।’

শেষ পর্যন্ত ছোট ছেলেটিকেও বাঁচাতে পারলেন না। শুক্রবার আরাফাতের মৃত্যু, রোববার দিবাগত রাতে আবু বক্করের। একে একে নিভে গেল দুই ভাইয়ের জীবন।

‘আমি সে ঘরে ফিরব কী করে’

চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন মোহাম্মদ কবির। বয়স ৩১ বছর। গ্রামের বাড়ি ময়মনসিংহে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে আয় প্রায় ২০ হাজার টাকা। এর মধ্যে ৬ হাজার টাকা চলে যায় বাসাভাড়ায়। বাকি টাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন।

সামান্য আয়ের সংসার। তবু দুই ছেলেকে ঘিরে স্বপ্নের কমতি ছিল না কবিরের। বড় ছেলে স্কুলে যেত। ছোট ছেলেটি তখনো মায়ের কোলের শিশু। দিনভর কাজ শেষে বাড়ি ফিরে দুই ছেলেকে কাছে পেতেন বাবা। ক্লান্তি ভুলে সময় কাটাতেন তাদের সঙ্গে।

এখন সেই ঘরের কথা ভাবলেই বুক ভেঙে আসে কবিরের। সেখানে দুই ছেলের স্মৃতি আছে। কিন্তু ছেলেরা আর নেই। দুই সন্তানকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কবির। বলেন, ‘কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়ত। কত স্বপ্ন ছিল। কত পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল, ভাই। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সে ঘরে ফিরব কী করে। থাকব কী করে।’

দুই ছেলেকে বাঁচাতে নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন কবির। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন। চিকিৎসার টাকা জোগাতে নিজের সঞ্চয় শেষ করেছেন। সহকর্মী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছে সাহায্য চেয়েছেন। ঋণও করেছেন। কিন্তু এত চেষ্টা, এত ছোটাছুটি, এত মানুষের সহযোগিতা—কিছুতেই দুই ছেলের জীবন রক্ষা হলো না।

দুই ছেলেকে খুঁজছেন মা

দুই ছেলের অসুস্থতা ও মৃত্যুতে বিপর্যস্ত কবিরের স্ত্রী আমেনা বেগমও। ২৯ বছর বয়সী এই গৃহিণী বড় ছেলের মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন। এর পর থেকেই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা ভালো নেই।

কবির জানান, বড় ছেলের মৃত্যুর পর থেকেই আমেনা বারবার তাকে খুঁজছিলেন। শোকে সংজ্ঞা হারাচ্ছিলেন। পানি ছাড়া মুখে কিছুই তুলছিলেন না। তাঁকে বাসায় রেখে ছোট ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন কবির। সঙ্গে ছিলেন তাঁর মা।

রোববার সকালেও কবির জানিয়েছিলেন, স্ত্রী আগের মতো নেই। তাঁর শরীর ভালো না থাকায় হাসপাতালে আনতে পারেননি। নিজেই ছোট ছেলের চিকিৎসার খোঁজখবর রাখছিলেন।

বড় ছেলে আরাফাতের মৃত্যুর পরও আমেনার কোলে ফিরে আসার মতো আরেকটি সন্তান ছিল। ছোট আবু বক্করকে নিয়ে হয়তো আবার সংসার গোছানোর সুযোগ ছিল তাঁদের। কিন্তু সেই শিশুটিও চলে গেল।

যে মা কয়েক দিন আগেও দুই সন্তানকে নিয়ে সংসার সামলাতেন, এখন তাঁর কোল শূন্য। যে বাবা কাজ শেষে ঘরে ফিরলে দুই ছেলেকে কাছে পেতেন, তাঁর জন্যও আর কেউ অপেক্ষা করবে না।

দুই দিনের ব্যবধানে বদলে গেছে কবির ও আমেনার পুরো জীবন। হাসপাতালে দুই ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে করতে একসময় বড় ছেলেকে হারিয়েছেন। তারপর ছোট ছেলেকেও। এক ছেলের কবরের শোক বুকে নিয়েই আরেক ছেলের মৃত্যুর খবর শুনতে হয়েছে তাঁদের।

রোববার সকালে কবিরের কণ্ঠে ছিল অসহায় আকুতি। ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন। সোমবার সকালে সেই কণ্ঠে আর কোনো আশা নেই। আছে শুধু আহাজারি। আজ সন্তানদের কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন কবির। কান্নায় ভেঙে পড়ছিলেন। যে দুই সন্তানকে ঘিরে ছিল জীবনের সব পরিকল্পনা, তাদের কাউকেই আর ফিরে পাবেন না। দুই ছেলেকে হারানো এই বাবার মুখে এখন শুধু একটাই কথা, ‘আমার দুই ছেলের জন্য দোয়া কইরেন সবাই।’