মধুপুরে বাসচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইরের গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (৪২), তাঁর স্ত্রী ছালেহা বেগম (৩০), তাঁদের সন্তান সিয়াম (৬) এবং অটোরিকশার চালক একই গ্রামের দরাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (৪০)।
মধুপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেমাইল কবির প্রথম আলোকে বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। আহত এক শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ।
তিনি প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।