নদীভাঙনের কবলে কর্ণফুলী জুটমিল, ধসে গেছে সীমানাপ্রাচীর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত দেশের প্রাচীনতম ভারী শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী জুটমিল। চট্টগ্রামে কয়েক দিনের টানা বর্ষণের পর প্লাবনের পানি নেমে গিয়ে ভাঙনের কবলে পড়েছে কর্ণফুলী নদীর আশপাশের এলাকা। এতে পাটকলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। ধসে পড়েছে নদী তীরের সীমানাপ্রাচীর।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী জুট মিলস লিমিটেড বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীন একটি রাষ্ট্রায়ত্ত পাটকল। ২০২২ সালে ২০ বছরের জন্য বেসরকারি খাতে এর বরাদ্দ পায় ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এ বিষয়ে ইউনিটেক্সের সহকারী পরিচালক রায়হান আহমেদ বলেন, পাটকলের দুই পাশেই নদীপাড়ে জেলে পল্লি আছে। ভাঙন প্রতিরোধে উভয় পাশেই ব্লক স্থাপিত হলেও পাটকলটি রক্ষার কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংসের মুখে পড়বে।
গতকাল বুধবার বিকেলের দিকে সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী নদীপাড়ের কয়েকটি স্থানে কারখানার সীমানাপ্রাচীর ভেঙে গেছে। নদীতে বিলীন হয়ে গেছে কারখানার শ্রমিক কলোনির দুটি বসতঘর। কলোনির আরও ৪০টি পরিবার ভাঙনের ঝুঁকিতে আছে। ফাটল দেখা দিয়েছে তিনতলা কর্মকর্তা ভবনে। ভবনটির পেছনের অংশ অনেকটাই ভেঙে পড়েছে।
মো. আসলাম নামে পাটকলের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা ভবনে আমিসহ আরও ১৫ জন কর্মকর্তা থাকি। নদীভাঙনে ফাটল ধরেছে ভবনটির একপাশে। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে আমাদের।’
ইউনিটেক্স গ্রুপের ব্যবস্থাপক গোলাম মওলা (লিগ্যাল অ্যান্ড এস্টেট) বলেন, ভাঙন ঠেকাতে ব্লক স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। না হলে পাটকলের গুরুত্বপূর্ণ স্থাপনা, বৃক্ষ সম্পদসহ বেশ কিছু অংশ নদীতে হারিয়ে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, ‘ভাঙনের কবলে পড়া এলাকা ইতিমধ্যে আমরা পরিদর্শন করেছি। আগামী মাসে দরপত্র আহ্বানের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধে ব্লক স্থাপনের কাজ শুরু হবে।’
পাটকল সূত্রে জানা যায়, বর্তমানে ৪৭ একর আয়তনের কর্ণফুলী পাটকলে ছয় শতাধিক শ্রমিক কর্মরত। দুটি শিফটে দৈনিক পাট থেকে ১৫ টনের ওপর সুতা উৎপাদিত হয়। এগুলো চীন, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, ভিয়েতনামসহ বিশ্বের ১২টি দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এ ছাড়া কার্পেট, জুট ব্যাগসহ আরও নানা কিছু হয় এখানে।