খাগড়াছড়িতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শুদ্ধ অং মারমা (৪০)। তিনি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের বাসিন্দা রুইচাই মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে করে রামগড়ের দিকে যাচ্ছিলেন শুদ্ধ অং মারমা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শুদ্ধ অং মারমার দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসের যাত্রীরা পালিয়েছেন। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহত শুদ্ধ অং মারমার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।