রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডওহরগাঁ কবরস্থান পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হলো ডওহরগাঁ এলাকার মো. সালামের মেয়ে সুবর্ণা আক্তার (১১), মো. রুমনের মেয়ে মারিয়া আক্তার (১০) ও রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার (০৯)। তারা তিনজন উপজেলার হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। একজন তৃতীয় শ্রেণির ও দুজন দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই তিন শিশু সাঁতার জানত না। তারা একসঙ্গে পুকুরে গোসল করতে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।