কক্সবাজার শহর থেকে ৭৪ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে কোরবানির ঈদের ছুটিতে (৩০ জুন থেকে ৩ জুলাই) ২৮ হাজার দর্শনার্থী গেছেন। এর মধ্যে ১৫ হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে আসা পর্যটক। বাকিরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
২০০১ সালের ১৯ জানুয়ারি ২ হাজার ২৫০ একর বনাঞ্চলে গড়ে তোলা হয় দেশের প্রথম এই সাফারি পার্ক। এর আগে ১৯৮০ সালে এটি ছিল হরিণ প্রজননকেন্দ্র। বর্তমানে পার্কের বিভিন্ন বেষ্টনীতে আছে সিংহ, বাঘ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, জলহস্তী, ময়ূর, অজগর, কুমির, হাতি, ভালুক, হরিণ, লামচিতা, শকুন, কচ্ছপ, রাজধনেশ, কাক ধনেশ, ইগল, সাদা বক, রঙ্গিলা বক, সারস, কাস্তেচরা, মথুরা, নিশিবক, কানিবক, বন গরুসহ ৫২ প্রজাতির ৩৪১টি প্রাণী।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত রোজার ঈদের চার দিনের ছুটিতে সাফারি পার্ক পরিদর্শন করেন ৩৩ হাজার দর্শনার্থী। এবারের কোরবানির ঈদের ছুটিতে ৩০ হাজার দর্শনার্থীর আশা করা হলেও ২৮ হাজারের মতো এসেছেন।
পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, কোরবানির ঈদের পরদিন ৩০ জুন পার্ক পরিদর্শন করেন ৮ হাজার দর্শনার্থী। ১ জুলাই ৭ হাজার, ২ জুলাই ৬ হাজার ও ৩ জুলাই ৭ হাজার দর্শনার্থী পার্কে ঘুরেছেন। স্বাভাবিক সময়ে সাফারি পার্কে দৈনিক গড়ে পাঁচ হাজার দর্শনার্থী আসেন।
গত সোমবার দুপুরে পার্কে কথা হয় জসিম উদ্দিনের (৪৫) সঙ্গে। তিনি বলেন, বন্য প্রাণীর প্রতি ছেলেমেয়েদের আগ্রহ অনেক। জলহস্তীর বেষ্টনীতে আসার আগে এক ছেলেকে হাতির পিঠে চড়িয়েছেন তিনি। প্রথমে ছেলে ভয় পেলেও হাতির পিঠে চড়ে এসে বেশ মজা পেয়েছে।
পার্কের আরও কয়েকটি বেষ্টনীতে আছে চিত্রা হরিণ, ভালুক, হাতি, জেব্রা, উটপাখি, গয়ালসহ বিভিন্ন প্রাণী। দর্শনার্থীরা এসব বেষ্টনী ঘুরে ঘুরে প্রাণীদের ছবি তুলছেন।
পার্কের দক্ষিণ-পশ্চিম কোনায় ৮০ একরের বাঘ-বেষ্টনী। বেষ্টনীতে জয়, জ্যোতি, আঁখি ও বড়ুয়া নামের চারটি বাঘ। বেশির ভাগ দর্শনার্থীর নজর বাঘের দিকে। বেষ্টনীতে দাঁড়িয়ে কিংবা ঘরের ছাদে উঠে অনেকে বাঘ দেখেন। দর্শনার্থীরা কাছাকাছি গেলে হুংকার ছেড়ে তেড়ে আসে বাঘ।
পাশেই ৮০ একরের সিংহ-বেষ্টনী। পৃথক দুটি কক্ষের একটিতে আছে সম্রাট নামের একটি পুরুষ সিংহ, অপর কক্ষে আছে দুটি স্ত্রী জাতের সিংহ।
সাফারি পার্ক ঘোরার জন্য রয়েছে একটি এসি ও দুটি নন-এসি বাস। পার্কে ঢুকতে টিকিট কাটতে হয়। প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের (১৫ বছরের নিচে) টিকিটের মূল্য ২০ টাকা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাফারি পার্ক খোলা থাকে। সপ্তাহে এক দিন (মঙ্গলবার) সাফারি পার্কটি বন্ধ থাকে।